দ. সুনামগঞ্জ অফিস
মাত্র ১৪ ঘণ্টা আগে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউপি বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান। শুক্রবার সন্ধ্যা ৬ টায় উপজেলা বিএনপির কান্দিগাঁও গ্রামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিনিয়ত নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন করে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রশাসনও সেদিকে নজর দিচ্ছেন না। আমার দলের প্রচুর জনপ্রিয়তা ও জনবল থাকা সত্ত্বেও আমার নির্বাচনী কাজে বাধা বিপত্তির কারণে নেতাকর্মীদের নিয়ে প্রচারণার কাজ চালিয়ে যেতে পারছি না। আমি মনে করি আমার ভোটারগণ নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। আওয়ামী লীগ ও প্রশাসন যে প্রভাব বিস্তার
করেছে এতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোন সম্ভাবনা না থাকায় আমি এই নির্বাচন বর্জন করছি।’
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি নেতা কমরু মিয়া,পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, যুবদল নেতা আব্দুল মজিদ,সৈয়দুল ইসলাম, আঙ্গুর মিয়া, সমসের মিয়া, আরিফ মিয়া, তানভীর আমিন, ছাব্বির, শ্রমিকদল নেতা আলী হোসেন,আব্দুছ ছালাম,সাহাব উদ্দিন, ছাত্রদল নেতা মনছুর আহমদ,কুহিনুর মিয়া,মামুন মিয়া, জুয়েল মিয়া, বাদল আহমদ উপস্থিত ছিলেন।
তবে পশ্চিম পাগলা ইউপি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জগলুল হায়দার বলেন,‘ আমি কোন প্রার্থীকে কিছু বলিনি বা আমার নেতাকর্মীরা কাউকে কিছু বলেননি। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আওয়ামী লীগের কেউ কোন ধরনের প্রভাব বিস্তার করছে না। বিএনপির প্রার্থী নির্বাচনে ভরাডুবির ভয়ে আগেই মাঠ থেকে পালিয়ে গেলেন।’