- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাঁচ উপজেলায় আসেনি একটিও বই

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের পাঁচ উপজেলায় একটিও বই আসেনি। বই উৎসব পালনের জন্য আশপাশের উপজেলা থেকে বই আনা হয়েছে। এছাড়াও যে উপজেলাগুলো বই পেয়েছে তারাও শিক্ষার্থীদের সকল বই দিতে পারেন নি। শিক্ষার্থীদের হাতে এক দুইটি করে বই দেয়া হয়েছে। একেবারে বই না পাওয়া উপজেলাগুলো হচ্ছে সদর, দোয়ারাবাজার, বিশম্ভরপুর, ছাতক ও তাহিরপুর উপজেলা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বশীলরা জানান, চাহিদার মাত্র ৩৫ ভাগ বই এসেছে জেলায়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোনো বই আসেনি। প্রাক প্রাথমিকে ৬৮ হাজার পাঁচশো পনেরটি বইয়ের চাহিদার বিপরীতে এসেছে ৬৩ হাজার তিনশো পনেরটি। তৃতীয় শ্রেণির ৪ লক্ষ ৮৮ হাজার তিনশো বাইশটির মধ্যে এসেছে ১ লক্ষ ৫১ হাজার তিনশো আটষট্টি , চতুর্থ শ্রেণির ৪ লক্ষ ৮৩ হাজার দুইশো চুরানব্বই বইয়ের মধ্যে এসেছে এক লক্ষ ১৪ হাজার একশো বিরাশিটি ও পঞ্চম শ্রেণির ৪ লক্ষ ৬৮ হাজার চারশো বাষট্টির মধ্যে এসেছে ১ লক্ষ ৬৮ হাজার নিরানব্বইটি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বললেন, মোট চাহিদার ৩৫ ভাগ বই আমি পেয়েছি। তার মধ্যে ৫ উপজেলায় কোনো বই আসেনি। বিগত বছরের যে ধারাবাহিকতা ছিলো, সেটি রক্ষা করার জন্য আশপাশের উপজেলা থেকে বই এনে সমন্বয় করেছি। আমরা চেয়েছি বই উৎসবের আনন্দ বজায় রাখতে। বই উৎসবে শিক্ষার্থীরা যেন একটি হলেও বই পায়।

  • [১]