- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাউবোর অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের দাবিতে স্মারকলিপি

জামালগঞ্জ প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ডের চলতি বছরের কাবিটা প্রকল্পে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবরে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন হাওর পাড়ের কৃষকরা। সোমবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে স্বাক্ষর করেছেন হাওর বাঁচাও, জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক গুল আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক তালুকদার, আব্দুল আহাদ, আখতারুজ্জামান তালুকদার, সদস্য সচিব আকবর হোসেন, ভীমখালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, সদস্য সচিব আমিরুল হক সহ ৫০ জন কৃষক।
লিখিত আবেদনে ভীমখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উজ্জলপুর অংশে ‘ইসলামপুর এলজিইডি রাস্তা হইতে উজ্জলপুর জামে মসজিদ পর্যন্ত বেরীবাঁধ নির্মাণ’ প্রকল্পের কোন প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়। একই ভাবে ভীমখালী ইউৃনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ড অর্ন্তভুক্ত ‘গাজীপুর পাকা রাস্তা হইতে পিয়াই নদীর খাল হইয়া মল্লিকপুর বাজারের সামনা পর্যন্ত খাল খনন’ প্রকল্পটি হাওর উন্নয়নে কোন কাজে আসবে না বলে কৃষকগণ আপত্তি জানান।
পাশাপাশি কৃষকদের স্বার্থে জরুরী ভিত্তিতে পানি নিস্কাসনের জন্য ৭ নং ওয়ার্ডে টাকুরাই বিল হইতে মাতারগাও নদীর মুখ পর্যন্ত নালা পুন:খননের ও ৯ নং ওয়ার্ডের মল্লিকপুর হাওরের
 বাইট্টলের কাড়া পুন:খননের সহ উজ্জলপুর ভাঙ্গা মেরামতের জোর দাবি জানানো হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, লিখিত আবেদন পেয়েছি, ভীমখালী ইউনিয়ন পরিষদ থেকে প্রকল্পগুলির প্রস্তাব পেয়েছি, হাওর সংশ্লিষ্ট না হলে সেগুলো অনুমোদন করা হবে না।

  • [১]