আকরাম উদ্দিন
গত দুই সপ্তাহ ধরে সুনামগঞ্জে একের পর এক হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে বোরো ধান। কৃষকসহ স্থানীয়দের অভিযোগ বাঁধ নির্মাণে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির কারণে এভাবে লাখো কৃষকদের শত কোটি টাকার ফসল পানিতে তলিয়ে গেছে।
এবার কৃষকদের সাথে একমত পোষন করে বাঁধ নির্মাণে পাউবো, ঠিকাদার ও পিআইসির অনিয়ম-দুর্নীতি তোলে ধরে সংবাদ সম্মেলন করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান। বুধবার দুপুরে শহরের হাজীপাড়া এলাকার বাসভবনে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মতিউর রহমান পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে ধরে বলেন,‘এ বছর অল্প বন্যায় হাওরের বাঁধ ভেঙে বোরো ফসলের বেশি ক্ষতি হয়েছে। ফসল রক্ষা বাঁধে বেশি অনিয়ম-দুর্নীতি হয়েছে। ফেব্রুয়ারি মাসে বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও সঠিক সময়ে বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। এবার হাওর রক্ষা বাঁধের কাজ হয়েছে মাত্র ৫০ ভাগ। সরকার পর্যাপ্ত বরাদ্দ দেয়ার পরও পাউবো’র কর্মকর্তারা এবছর দুর্নীতি করেছে বেশি। পাউবো, ঠিকাদার, পিআইসির অবহেলার কারণে আজ কৃষকরা তাদের কষ্টের ফসল ঘরে তোলতে পারেন নি। পাউবোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে ঠিকাদার ও পিআইসি জড়িত আছেন। এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া উচিৎ।’
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,‘হাওরের বোরো ফসল রক্ষায় স্থানীয় লোকজনদের সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধ রক্ষায় কাজ করেছেন। কিন্তু অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকছে। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি ও একজন নাগরিক হিসাবে সরকারের নিকট ক্ষতিগ্রস্ত সকল কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানাই।’
মতিউর রহমান বলেন, ‘আমি এমপি থাকা অবস্থায় বোরো ফসল রক্ষার জন্য আগে থেকে পাউবোর কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ ও ঢাকায় বৈঠক করেছি। ফসল রক্ষা বাঁধে সার্বক্ষণিক কাজ করেছি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাঁশ ও মাটির বস্তা ফেলে বাঁধ রক্ষা করেছি। ২০১০ সালের এপ্রিলে অকাল বন্যায় কিছু ফসল নষ্ট হয়েছিল। তবে সেই তুলনায় এবার তেমন কোনো বন্যা হয়নি। তবুও এই কম পানিতেই বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেছে। এবার ফসলের ক্ষতির পরিমাণ অনেক বেশি। ’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান সুফিয়ান, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক যতীন্দ্র মোহন তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মণ প্রমুখ।
প্রসঙ্গত, প্রতিবছর জেলার ৪০টি হাওরের বোরো ফসল রক্ষায় ২০ থেকে ২২ কোটি টাকা বরাদ্দ দিলেও এবার ৩০০ কিলোমিটার বাঁধ রক্ষা প্রকল্পে সর্বোচ্চ বরাদ্দ ৪৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় ধরেছিল পাউবো। ১৫ ডিসেম্বর থেকে হাওরের বাঁধ নির্মাণ শুরু এবং ২৮ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা থাকলেও এখনও অনেক বাঁধের কাজ শেষ করতে পারেনি পাউবোর ঠিকাদার ও পিআইসি।