- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাউবো’র নির্বাহী প্রকৌশলীসহ ৩ জনের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
জেলার হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদক’র মামলায় গ্রেপ্তার হওয়া পাউবোর সাময়িক বরখাস্তকৃত সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল এবং ঢাকার ঠিকাদার বাচ্চু মিয়া’র জামিন নামঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞ জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুকের আদালতে দীর্ঘ জামিন শুনানী শেষে আদালত এই তিন জনের জামিন নামঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত খায়রুল হুদা চপলকে আগামী ২৭ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুকের আদালতে পাউবো’র সাবেক নির্বাহী প্রকৌশলী আফছর উদ্দিনের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মানিক লাল দে এবং মেসার্স ইব্রাহিম ট্রেডার্স এন্ড মোহাম্মদ শামীম আহসানের প্রোপাইটার মো. বাচ্চু মিয়ার জামিনের আবেদন করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। আদালত দীর্ঘ জামিন শুনানী শেষে ৩ জনেরই জামিনের আবেদন নামঞ্জুর করেন।
বাদী পক্ষে আইনজীবী ছিলেন- দুদক’র পিপি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, দুদকের পিপি অ্যাডভোকেট পরিতোষ চন্দ্র রায় এবং এপিপি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল।
গত ২রা জুলাই দুদকের সহকারী পরিচালক ফারুক আহমদ বাদী হয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বরখাস্তকৃত          
নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন, সিলেট সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, সিলেট উত্তর পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাইসহ ৬১ জনকে আসামী করে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
ঐ দিনই বরখাস্তকৃত প্রকৌশলী আফছার উদ্দিন ও রাজধানী’র ৯৯ মতিঝিল বাণিজ্যিক এলাকার করিম চেম্বারের ৬ষ্ঠ তলার মেসার্স ইব্রাহিম ট্রেডার্স এন্ড মোহাম্মদ শামীম আহসানের প্রোপাইটার মো. বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে দুদক। গত ১৫ আগস্ট রাত ১২ টায় ঢাকা বিমান বন্দর থেকে মামলার আসামী জেলা যুবলীগের আহ্বায়ক মেসার্স নূর ট্রেডিংয়ের প্রোপাইটার খায়রুল হুদা চপলকে গ্রেপ্তার করা হয়।
হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গত ৩ রা আগস্ট জেলা আইনজীবী সমিতির পক্ষে সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ক্রিমিনাল ল’এমেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৫৮’এর ৪ (২) বিধি অনুযায়ী দায়ের করা আরেকটি নালিশ মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ৩৯ টি পিআইসি’র সভাপতি-সাধারণ সম্পাদক, পাউবো’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইসহ ১৫ জন পাউবো কর্মকর্তা, ৪৬ জন ঠিকাদার এবং ৩৯ টি পিআইসি’র সভাপতি-সম্পাদককে বিবাদী করেন।

  • [১]