- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাউবো’র স্টোর রুমে মেছো বাঘের শাবক

স্টাফ রিপোর্টার
শহরের ষোলঘরে জেলা পানি উন্নয়ন বোর্ডের স্টোর রুমে তিনটি মেছোবাঘের বাচ্চা পাওয়া গেছে। শুক্রবার দুপুরে স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে পাউবোর কর্মচারী ও শ্রমিকরা ওই তিনটি বাচ্চা দেখতে পান।
পাউবো অফিসে মোছো বাঘের বাচ্চা পাওয়া গেছে এই খবর পেয়ে আশপাশের লোকজন দেখতে ভীড় জমান। পরে পাউবোর লোকজন বাচ্চা তিনটিকে ওই রুমের ভেতরেই একটি কাঠের বাক্সের মধ্যে রাখেন।  
পাউবো’র কর্মচারীরা জানান, শুক্রবার দুপুরে পাউবো অফিসের পেছনে স্টোর রুমে কাজ করতে যান তারা। রুমের দরজা খোলার সাথে সাথে একটি মেছোবাঘকে ভেন্টিলেটারের ফাঁক দিয়ে চলে যেতে দেখেন। পরে ওই রুমে কাজ করতে গিয়ে এক কোণে তিনটি বাচ্চা দেখতে পান। পরে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি  অবগত করেন তারা।
পাউবোর নিরাপত্তাকর্মী আনু মিয়া বলেন,‘গত ৬-৭ বছর ধরে ওই রুমের দরজা জানালা সব সময়ই বন্ধ থাকে। এখানে কাগজপত্র রাখা হয়। শুক্রবার দুপুরে পরিষ্কার করার সময় মেছোবাঘের এই তিনটি বাচ্ছা পাওয়া যায়। এসময় মা মেছোবাঘটি দ্রুত লুকিয়ে পড়ে। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। আমরা বাচ্চা তিনটিকে দুধ খায়ানোর ব্যবস্থা করেছি। সন্ধ্যার পর ঐ কক্ষেই রাখা হবে, যাতে মা’বাঘটি বাচ্চাগুলোর পাশে আসে।’
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন বলেন,‘স্টোর রুমের ভেন্টিলেটর’র কাছে একটু ফাঁকা ছিল, এই ফাঁক দিয়ে ঢুকেই সম্ভবত: এখানে বাচ্চা প্রসব করেছে মোছো বাঘ। এ বিষয়ে বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। বাচ্চা তিনটি দুধের হওয়ায় তাদের পরামর্শে মায়ের কাছে ফিরিয়ে দেয়ার জন্য ওই রুমের ভেতরেই রাখা হয়েছে। সন্ধ্যার পর রুমের জানালা খোলা রাখা হবে, যাতে বাচ্চাগুলোকে সহজেই এখান থেকে নিয়ে যেতে পারে মা বাঘটি।’
জেলা বন কর্মকর্তা বলরাম রায় বলেন,‘ আমাদের ধারণা হয়ত দুই-তিন আগে এই বাচ্চাগুলোর জন্ম হয়েছে। মা মেছোবাঘ ওই রুমেই বাচ্চা প্রসব করেছে। বাচ্চাগুলোর এখনও ভাল করে চোখ খোলেনি। আমরা পাউবোর কর্মকর্তাকে অনুরোধ করেছি সন্ধ্যার পর রুমের জানালা খোলে রাখতে যাতে মা মেছোবাঘ বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার সুযোগ পায়।’

  • [১]