- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ধর্মপাশা প্রতিনিধি
নবঘোষিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নার বিরুদ্ধে পাওনা টাকা ফেরত চাওয়ায় মধ্যনগর বাজারের এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। লিটন সরকার নামের ওই ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর আগে গত শনিবার প্রভাকর টাকা পাওয়ার বিষয়টি সত্য নয় উল্লেখ করে লিটনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এদিকে বুধবার দুপুরে লিটন পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করে মধ্যনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, লিটন সরকার দীর্ঘ দিন ধরে মধ্যনগর বাজারে সুনামের সাথে চালের ব্যবসা করে আসছেন। চামরদানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাকর তালুকদার পান্না লিটনের কাছ থেকে ২০১২ সালের ২৬ অক্টোবর হতে ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে টিআর/কাবিখা’র চাল দেওয়ার কথা বলে থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়েছেন। এর মধ্যে ৬০ হাজার টাকা মূল্যের চাল লিটনকে দিয়েছেন প্রভাকর। এরপর থেকে লিটন প্রভাকরের সাথে বারবার যোগাযোগ করেও পাওনা টাকা ফেরত পাননি। বিগত ইউপি নির্বাচনে প্রভাকর পরাজিত হলে তিনি তখন থেকে এলাকার বাইরে অবস্থান করেন। এ সময় লিটন প্রভাকরের সাথে মোবাইলে ফোনেও টাকা ফেরত চেয়ে ব্যর্থ হন। সম্প্রতি প্রভাকর এলাকায় আসলে লিটন পুনরায় টাকা ফেরত চাইতে থাকেন। গত বৃহস্পতিবার লিটন তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে প্রভাকরকে পেয়ে পাওনা টাকা ফেরত চান। কিন্তু প্রভাকর দলীয় প্রভাব খাটিয়ে লিটনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। এর দুইদিন পর লিটনের বিরুদ্ধে থানায় উল্টো অভিযোগ করেন প্রভাকর।
ব্যবসায়ী লিটন সরকার বলেন, ‘পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রভাকর তালুকদার পান্না দলীয় প্রভাব খাটিয়ে আমাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে হেনস্থা করাসহ প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। ’
অভিযুক্ত প্রভাকর তালুকদার পান্না বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে টাকা পাওয়ার মিথ্যা অভিযোগ করাসহ আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাই আমিও থানায় অভিযোগ করেছি।’
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হুমকির অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

  • [১]