দোয়ারাবাজার প্রতিনিধি
পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি গ্রামের আগন্দী আলীর পুত্র তাজুদ আলী (৪৫)। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালি বাজারে।
জানা যায়, কাটাখালি বাজারের কাপড় ব্যবসায়ী সেলিম আহমদ ৩০ হাজার টাকা পান তাজুদ আলীর কাছে। সোমবার রাত ১০টায় তাজুদ আলীর কাছে পাওনা টাকা ফেরত চান সেলিম আহমদ। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সেলিম ও তার বোনজামাই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলি গ্রামের সোহেল মিয়া ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাজুদ আলীকে। রক্তাক্ত অবস্থায় তাজুদ আলীকে উদ্ধার করে স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজুদ আলীকে মৃত্যু হয়। তাজুদ আলীর মৃত্যুর পরপরই সোহেল মিয়াকে সদর হাসপাতাল থেকে আটক করে পুলিশ।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তাজুদ আলীকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। পরে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যু হয় তাজুদ আলীর।