সু.খবর ডেস্ক
রাজধানীর কামরাঙ্গীরচরে পাওনা টাকা নিয়ে মারামারি করে রিকশা চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত নবী হোসেন (৩২) জামালগঞ্জ উপজেলার ভূঁইয়ারহাটি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে মোমিনবাগ এলাকায় আলাউদ্দিনের কলোনীর ভাড়াটিয়া।
সোমবার সকালে নবী হোসেনের বন্ধু ইকবাল জানিয়েছেন, রবিবার দিবাগত রাত ১১টার দিকে পাওয়া টাকা নিয়ে আলাউদ্দিনের কলোনীর ভাড়াটিয়া অটোরিকশা চালক নূরুজ্জামানের সাথে মারামারি করেন নবী হোসেন। এক পর্যায়ে নূরুজ্জামান কাঠ দিয়ে আঘাত করলে অজ্ঞান
হয়ে পড়েন নবী। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
সকাল পৌনে ৯টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নবী হোসেন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক বাচ্চু মিয়া।
এদিকে, সোমবার সকালে নূরুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক কৃষ্ণ কমল।