- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাকিস্তানের জালে বাংলাদেশের ছয় গোল

সু.খবর ডেস্ক
নারী সাফ চ্যাম্পিয়ন্সশিপের এবারের আসরে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় পেল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে দলনেতা সাবিনা খাতুনের হ্যাটট্রিকে পাকিস্তানকে ৬-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। এদিন দ্বীপ রাষ্ট্রের ফুটবলারদের পাত্তাই দেননি সাবিনা খাতুনরা। প্রথম ম্যাচ জিতে নেয় ৩-০ গোল ব্যবধানে। এদিকে দ্বিতীয় ম্যাচেও এলো জয়। তাতেই সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
টানা দুই জয়ের ফলে সেরা চড়ারে উঠেই গেছে বাংলাদেশ। অপেক্ষা কিছুক্ষণের। দিনের অন্য ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারত জিতলে কিংবা ম্যাচটি ড্র হলেই সেমিফাইনালপর্ব নিশ্চিত করবে বাংলাদেশ নারী ফুটবল দল।
কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে বাংলাদেশের সঙ্গে পেরে উঠেনি পাকিস্তানের মেয়েরা। পুরো ম্যাচে বল দখলে একক আধিপত্য বিস্তারের সঙ্গে একের পর এক গোল দিয়ে ছোটনের শিষ্যরা। এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন মনিকা চাকমা। আর ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিরাত জাহান স্বপ্না।
প্রথমার্ধে আসে আরও দুটি গোল। দুটি গোলই করেছেন বাংলাদেশি দলনেতা সাবিনা খাতুন। মাত্র পাঁচ মিনিটের মাথায় গোল দুটি করেন তিনি। ৩১তম মিনিটের প্রথম ও ৩৫তম মিনিটের নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা। ফলে ৪-০ গোল ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা।
বিরতির পর বাংলাদেশের গোল ব্যবধান ৫-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৯ মিনিটে মারিয়া মান্ডার ক্রস থেকে হেডে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সবিনা। সাফ চ্যাম্পিয়নশিপে এটি সাবিনার দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে আফগানিস্তানের বিপক্ষে ৫ গোল করেছিলেন বাংলাদেশের গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।
ষষ্ঠ গোল করেছেন বদলি খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ৭৭ মিনিটে। বক্সের বাইরে থেকে শট করে গোল করেন এই পাহাড়ি কন্যা। ম্যাচটি শেষ হয় ৬-০ গোল ব্যবধানে।
সূত্র : ঢাকাটাইমস

  • [১]