- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাকিস্তানের বিপক্ষে অঘটন ঘটিয়ে শুরুর প্রত্যয় জিমিদের!

সু.খবর ডেস্ক
ঘরের মাঠে এশিয়া কাপ। রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়নদের জন্য এর চেয়ে বড় প্রেরণা আর কি হতে পারে? আট দলের আসরটি বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষায়। তবে জিমির দল আত্মবিশ্বাস নিয়েই নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে আজ বুধবার। দশম এশিয়া কাপের উদ্বোধনী দিনেই শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। যারা ৩ বারের চ্যাম্পিয়ন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে বিকেল সাড়ে পাঁচটায়। এর আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একই গ্রুপের অন্য দুই দল ভারত ও জাপান।
বাংলাদেশ এই টুর্নামেন্টে র‌্যাঙ্কিংয়ে সবার থেকে পিছিয়ে। পার্থক্যটা সংখ্যায় পরিষ্কার। তারপরও ঘরের মাঠে এশিয়া কাপ বলে সবার চাওয়া ভালো কিছুই। সোমবার আনুষ্ঠনিক      
সংবাদ সম্মেলনে লাল-সবুজের অধিনায়ক জিমি যে কোন অঘটন ঘটানোর বিশ্বাসের কথা জানিয়ে রেখেছেন। পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে। পাকিস্তানের অবস্থান ১৪, বাংলাদেশ ৩৪। ৩ বারের চ্যাম্পিয়ন এবং ৩ বারের রানার্স আপ এই পাকিস্তান। তারপরও জিমির কথার সুত্র ধরে বললে এই ম্যাচে নিশ্চয়ই জয়ের জন্য ঝাঁপাবে বাংলাদেশ।
২০১৬ সালে সর্বশেষ প্রিমিয়ার ডিভিশন হকি লিগে পাকিস্তানি খেলোয়াড়ের জোয়ার ছিল। এই দল দুটির খেলোয়াড়রা তাই একে অপরকে চেনেন বেশ ভালো করেই। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইরফান যেমন বলে দিয়েছেন, ‘বাংলাদেশ সহজ দল নয়। আমি তাদের কয়েকজন খেলোয়াড়কে চিনি। তাদের অনেকে জার্মানিতে খেলেছে। জিমি-চয়ন ভালো খেলোয়াড়। যদি আমরা তাদেরকে সহজভাবে নেই, তাহলে তারা আমাদের হারানোর সুযোগটা নেবে। টুর্নামেন্টের প্রথম মিনিট থেকে আমরা ভালো হকি খেলতে চাই।’
অন্যদিকে জিমি জানিয়েছেন, ‘যেহেতু দেশের মাটিতে এশিয়া কাপ। সবারই একটা আগ্রহ থাকে চ্যাম্পিয়ন হওয়ার। সেখানে আমি বলবো আমাদের টার্গেট হচ্ছে ভালো খেলা। আমরা ডে বাই ডে উন্নতি করতে চাই। আমাদের টিমের যে পারফরম্যান্স বা ক্ষমতা তাতে আমাদের বেস্ট হকিটা খেলতে পারলে এবং মন উজাড় করে খেললে যে কোন কিছুই হতে পারে। আমরা খেলার আগে হারবো না। আমার টিমের মধ্যে সেই দক্ষতা আছে যে কোন দলের সঙ্গে যেকোন অঘটন ঘটানোর। যে ম্যাচই হোক আমরা খেলার জন্য খেলবো, দেশের হকির জন্য খেলবো।’
মূল আসর শুরু আগে অংশ নেওয়া দলগুলো মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি করে প্রস্তুুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। রোববার জাপানের বিপক্ষে ৪০ মিনিটের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জয় পায়। সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩০ মিনিটের ম্যাচে ০-২ গোলে হেরেছে। স্বাগতিকরা এই দুটি ম্যাচের অভিজ্ঞতা কাছে লাগাতে চায় মূল ম্যাচে। মাঠে। কোচ মাহবুব হারুন তাই কোরিয়ার বিপক্ষে হারের পর বলেছিলেন, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমরা জয়ের চেষ্টা করিনি। ওরা অনেক শক্তিশালী দল। আমরা নিজেদের নিয়ন্ত্রণে বল রাখার চেষ্টা করেছি। ছেলেরা তা পেরেছে। আসল ম্যাচে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
পাকিস্তানের বিপক্ষে ফল কি হবে তা সময়ই বলবে। তবে ঘরের মাঠে জিমিদের লড়াকু মনোভাবটাই দেখতে চায় সবাই।

  • [১]