- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগনার হাওরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ও ভীমখালি ইউনিয়নের পাগনার হাওরের পূর্বপাড় (মল্লিকপুর, ভান্ডা ও রাজাপুরসহ ১০টি গ্রামের) হাজারো কৃষকের প্রায় ১৫০০ একর বোরো জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গ্রামবাসীর আয়োজনে মল্লিকপুর পশ্চিমের কান্দায় হাওর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মো. আব্দুল মালিক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্দুস সামাদ, মো. আক্তার হোসেন, শিহাব উদ্দিন, আফজল হোসেন, শহিদুল ইসলাম, আরাফাত উল্ল্যাহ, মোস্তফা মেম্বার, আবুল কালাম, ইউপি মহিলা সদস্য ইনুফা আক্তার, মফিজুর রহমান, সাবেক ইউপি সদস্য হোসেন আহমদ মো. নুরুল আমনি, করম আলী ও মারফত মিয়া প্রমুখ।
কৃষকরা বলেন, দীর্ঘ ত্রিশ বছর ধরে ১০টি গ্রামের ১৫০০ একর বোরো জমি অনাবাদি থাকে। এখানকার কৃষকরা মানবেতন জীবনযাপন করে আসলেও দেখার যেন কেহ নেই। নির্বাচন আসলে তৃণমূল থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হন জনগণকে আশ্বাস দেন, নির্বাচিত হলে খননের মাধ্যমে পানি নিস্কাসনের ব্যবস্থা করে অনাবাদি জমি আবাদের আওতায় নিয়ে আসবেন। কিন্তু নির্বাচনী বৈতরনী পাড় হয়েই কেউ কোন উদ্যোগ নেন না।
বক্তারা অবিলম্বে হাওরের জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মেয়াজ্জেম হোসেন রতন ও সিলেট সুনামগঞ্জ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ অ্যাড. শামীমা শাহরিয়ারের নিকট জোর দাবি জানান।

  • [১]