- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগনার হাওরে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কৃষকরা

আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জের পাগনার হাওরের বিভিন্ন ক্লোজার ও হাওর রক্ষা বাঁধের দায়িত্ব নিলেন কৃষক পরিবার। হাওর পাড়ের কৃষকরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমে কাজ করছেন বাঁধগুলোতে। একদিকে নদীর পানি বৃদ্ধি অন্যদিকে অতিবৃষ্টি ও শিলাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, যে কোন সময় উপজেলার প্রধান দুটি হাওর  হালি ও পাগনার হাওর তলিয়ে যেতে পারে। জমিতে পাকা ধান থাকলেও শ্রমিক সংকট থাকায় দিশোহারা কৃষক বাঁধ নিয়ে শংকিত হয়ে পড়েছেন। রাতের বেলায় দল বেঁধে কৃষকরা পাহাড়া দিচ্ছেন বাঁধগুলো। ছাত্ররা তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ধান কাটা ও মাড়াই কাজে সময় দিচ্ছেন।
বৃহস্পতিবার সকাল থেকেই পাগনার হাওরের  মুচি বাড়ীর খাল, গজারিয়ার বাঁধ, মতির ঢালা, রাসেলের খাল, মোক্তারের ঢালা, আলীপুরের বাঁধ, মোড়ল পুরের ঢালা, বোগলাখালী, কাললাইনীসহ অন্যান্য বাঁধগুলোতে গিয়ে দেখা যায় পালাক্রমে সেখানে কাজ করছেন বিভিন্ন গ্রামের কৃষক ও তাদের সন্তান সন্ততিরা।
প্রতিটি গ্রামের মাইকে ঘোষণা দিয়ে নৌকা দিয়ে লোক নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন কৃষকরা। আলীপুর, মোড়লপুর,কামধারপুর,গজারিয়াসহ পাগনার হাওরের তীরবর্তী সকল গ্রামের কৃষকরা উড়া কোদাল নিয়ে দিনরাত কাজ করেছেন।
কামধরপুর গ্রামের পল্লী চিকিৎসক ডা. হারুন উর রশীদ বলেন,‘আমি প্রতিদিন নৌকা ভাড়া করে বিভিন্ন বাঁধ ঘুরে দেখছি, যারা কাজ করছেন তাদেরকে উৎসাহিত করছি।’
বাঁধের পাশবর্তী মাধবপুর গ্রামের কালা মিয়া বলেন,‘গ্রামের লোকজন নিয়ে দিনরাত বাঁধ রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছি। জানি না শেষ
রক্ষা করতে পারব কিনা।
শুক্রবার পাগনার হাওর পরিদর্শনকালে পাউবোর উপ সহাকারী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, এসও বরকত উল্লাহ, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অপর দিকে পাগনার হাওরের মুচি বাড়ীর খালে ফাটল দেখা দিলে খবর পেয়ে তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে বাঁশ, বস্তা, চাটাই ও পলিথিন পাঠানো হয়েছে। চানপুর ও নয়াহালটের মাইকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করছেন এলাকার কৃষকরা।

  • [১]