- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগনার হাওর রক্ষায় এখনো লড়ছেন কৃষকরা

আকবর হোসেন, জামালগঞ্জ
দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা হাওরের বাঁধ রক্ষায় লড়ছেন কৃষকরা,তবুও হাল ছাড়ছেন না। প্রতিদিনই নতুন নতুন সমস্যা,আবার সেই সমস্যা কৃষকরাই সমাধান করছেন। গেল এক মাস ধরে দিনে রাতে পাকনার হাওরের সবগুলি বাঁধে হাজার হাজার শ্রমিক স্বেচ্ছাশ্রমে কাজ করে বাঁধগুলি নিয়ন্ত্রণে রাখলেও এখন দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে হাওর পাড়ের সমান হয়ে গেছে পানি। গত রাতের বৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকে ডাইলা, কাউয়ার বাধা, পাতিলচুরা, ফুইল্লাটনা, করাইত্তা, গাউত্তা, উড়া সহ পাকনার হাওরের বেশ কয়েকটি স্থানে ২০ থেকে ৫০ ফুট জায়গা নিয়ে ২ থেকে ৪ ইঞ্চি আবার কোথাও ৮ ইঞ্চি হয়ে পানি প্রবেশ করেছে হাওরে। তার পরও আশা ছাড়েননি কৃষকরা। সকাল থেকে নিজ দায়িত্বে তারা বাঁধের কাজে লেগে গিয়ে দুপুরের পর বাধের নিয়ন্ত্রণ আনেন। হাওরে পানি প্রবেশের খবর পেয়ে হাওর পাড়ের বিভিন্ন গ্রাম থেকে শত শত কৃষক হাওরের বাঁধের কাজে গিয়ে অংশ নেন।     
স্থানীয় পাগনার হাওর পাড়ের লক্ষীপুরের কৃষক সুরমান উদ্দিন বলেন,আমরা একমাস ধরেই বাঁধের কাজ করেছি, বাঁধ রক্ষাও হয়েছে, পানি বাড়ায় আফর মেরে পানি ঢোকা শুরু করলে আমরা সারা দিন কষ্ট করে পানি প্রবেশ ফিরিয়েছি, আগামী কাল থেকেও কাজ করা হবে।  jg-paknar-2
হাওর পাড়ের স্থানীয় গণমাধ্যমকর্মী দিল আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই পাকনার হাওরের কয়েকটি স্থানের আফর মেরে হাওরের পানি প্রবেশ করতে দেখে, দ্রুত বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করে আপাতত আফরের বাঁধ রক্ষা করা হয়েছে। লক্ষীপুরের বাজারের বাঁধের কাজের জন্য জরুরী সভা ডাকা হয়েছে,আগামী কাল থেকে বাঁধের কাজের জন্য হাজারো কৃষক সমবেত করা হবে।
স্থানীয় ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার বলেন, জেলার অন্য হাওর তলিয়ে গেলেও পাকনার হাওর এখনো আছে। আজ কয়েকটি স্থান দিয়ে আফর মেরে পানি প্রবেশ করলে এলাকাবাসী তা আটকে ফেলে। আগামী কাল থেকেও বাঁধে কাজ করানো হবে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,পাকনার হাওরের বিভিন্ন পয়েন্টে দিয়ে আফর মেরে পানি প্রবেশের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে সকল ধরনের সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকাবাসীর চেষ্টায় আপাতত: পানি ঢোকা আটকানো গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বরতরা।  

  • [১]