- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাগলায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

ইয়াকুব শাহরিয়ার, পাগলা বাজার
আসন্ন ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনের রেখে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়েছে সর্বত্র। রাস্তা-ঘাট, পাড়া-মহল্লা, খেলার মাঠ, কর্মক্ষেত্র সব জায়গায় এখন একটাই আলোচনার বিষয়।
নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ সমস্ত ইউনিয়নে ৩১ মেম্বার ও ৯ মহিলা মেম্বারদের নিয়ে সাধারণ ভোটাররা করছেন চুলচেরা বিশ্লেষণ। প্রার্থীদের পক্ষে বিপক্ষে হচ্ছে তর্ক বিতর্ক। তবে এসবে কান না দিয়ে চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোট সংগ্রহের কাজে। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। করছেন গণসংযোগ। ভোট চাইছেন নিজের পক্ষে। ব্যস্ত সময় কাটছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগলুল হায়দার (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হক (আনারস)সহ ৯ ওয়ার্ডের মেম্বার মহিলা মেম্বার পদপ্রার্থীদের। প্রতিটি ওয়ার্ডেই সব সময় নির্বাচনী প্রচারণার কাজে থাকছেন কোনো না কোনো প্রার্থীর লোক। সকলের একটাই প্রত্যাশা ভোট।
ভোটাররাও কাউকে হতাশ করছেন না। তারা যে প্রার্থীই আসছেন তাকেই আশ্বাস দিচ্ছেন। তবে তারা বলছেন, ভোট যোগ্য ব্যক্তিকেই দেবেন।
শত্রুমর্দন (মুসলিমপাড়া) গ্রামের লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, ‘প্রতিদিন কত মানুষ আসে আমাদের বাড়িতে। মানবিক খাতিরে কাউকেই না করতে পারি না। তবে ভোট যোগ্য ব্যক্তিকেই দেবো।’
এদিকে নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মানছেন না দলীয় নির্দেশনা। রাজনৈতিক পরিচয় ভুলে অনেকেই যে যার পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন দলের পরিচয় বাইরে রেখে।
তবে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনের যে আমেজ ছড়িয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা অনৈতিক কাজের মাধ্যমে যেনো তা নষ্ট না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন এলাকার প্রবীণ ভোটাররা।

  • [১]