ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় নারী ভোটারদের বেশি প্রাধান্য দিচ্ছেন প্রার্থীরা। চেয়াম্যান- সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যা প্রার্থীদের কাছে পুরুষের তুলনায় নারী ভোটারদের গ্রহণযোগ্যতা লক্ষণীয়। তাই প্রার্থীরা ভোটের জন্য পুরুষের পাশাপাশি নারী ভোটারদের নিজের পক্ষে টানার কাজে ব্যস্ত সময় পাড় করছেন।
এ নিয়ে উচ্ছ্বসিত পাগলার নারী ভোটাররাও। তারা বলছেন,‘মনে হচ্ছে সমাজে আমাদের কদর বেড়েছে। তাই নারী কিংবা পুরুষ প্রার্থী, চেয়ারম্যান কিংবা মেম্বার সকলেই আসতে শুরু করেছেন আমাদের কাছে। এতে আমরা আনন্দিত।’
এবছর নতুন ভোটার হয়েছেন সুনামগঞ্জ সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কান্দিগাঁওয়ের কলসুমা আলী উর্মী। তিনি বলেন,‘মনে হচ্ছে সমাজে কিছুটা নারী-পুরুষ বৈষম্য কমেছে। নারীরাও ভোটে অবাধে অংশ নিচ্ছেন। তাছাড়া ভোটে আমাদের কদর দেখে সত্যি আমরা উচ্ছ্বাসিত। অবশ্যই আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দেবো।’
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের আয়তন ১৬.১৯ বর্গ কিলোমিটার। মোট ১২ হাজার ২২৩ ভোটের মাঝে নারী ৬ হাজার ১৬৬ ভোট। নারী ভোটার সংখ্যা পুরুষের তুলনায় ১০৯ জন বেশি এ ইউনিয়নে। তাদের ভোটের উপর জয় পরাজয় অনেকাংশে নির্ভরশীলও হয়ে পড়বে। তাই প্রার্থীরা তাদের বেশি প্রাধান্য দিচ্ছেন। অনেকে তো নারী ভোটকে তার মূল পূঁজি মনে করছেন।
৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্যা পদপ্রার্থী হাসি রাণী দে (মায়ার মা) বলেন,‘আমি মনে করি পুরুষের পাশাপাশি নারী ভোটাররাই আমার মূল পূঁজি।”
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জগলুল হায়দার বলেন,‘আমার দৃষ্টিতে প্রত্যেক ভোটারই সমান। সে নারী হোক কিংবা পুরুষ। তবে যেহতু আমাদের ইউনিয়নে নারী ভোটার বেশি সেহেতু অবশ্যই তাদের প্রাধান্য থাকবে আমার কাছে।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল হক বলেন, ‘আমাদের ছোট্ট ইউনিয়নে নারী ভোটার অর্ধকের বেশি। তারা ভোটেও বেশি অংশ নেন। তাই নারী ভোট সংগ্রহে কাজ করবো। আমি আশা করি নারী-পুরুষ সকলই আমাকে ভোট দেবেন। আমি সেই অনুপাতে কাজ করবো। অবশ্যই এ নির্বাচনে নারীরা গুরুত্বপূর্ণ একটা বিষয়।’