বিশেষ প্রতিনিধি
অপ্রকৃতস্থ মহিলার (পাগলী’র) কী দোষ? সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক পাগলীকে গণধর্ষণের পর সালিশকারকরা পাগলীকে বাজার থেকে বিদায় করে ২ ধর্ষককে তিন বার কান ধরিয়ে অপরাধের দায় থেকে মুক্তি দিলেন । শনিবার দুপুরে দোয়ারাবাজারের বান্দের বাজারে এমন হৃদয়বিদারক সালিশ হয়। অবশ্য. বাজার কমিটির সভাপতি নূর উদ্দিন বলেছেন, ‘ধর্ষকদের কান ধরানো হয়েছে শাসানোর জন্য, আর পাগলীকে তো পাওয়াই যায়নি, তাকে কেউ বিদায় করেনি’।
বান্দের বাজার ও দোয়ারাবাজারের একাধিক ব্যবসায়ী জানান, গত ৬ মাস হয় দোয়ারাবাজার ও বান্দের বাজার এলাকায় এক পাগলীকে (৩৫) ঘোরাফেরা করতে দেখা যায়। গত বৃহস্পতিবার রাতে বান্দের বাজারের পাশের পা-ারখাল বাঁধের উপরে ৬ দুর্বৃত্ত ঐ পাগলীকে গণধর্ষণ করে। এই ঘটনা দেখে পাশের বাজিতপুর গ্রামের জমির উদ্দিন পরদিন বাজার কমিটিসহ এলাকার গণ্যমান্যদের বিষয়টি জানান।
পরে শুক্রবার এ নিয়ে সালিস বসে বান্দের বাজারে। সালিসের ডাকে প্রথম দিন কেবল ধর্ষক ফারুল (ভা-ারী) উপস্থিত হয়। সালিসকারকরা বিচার স্থগিত রেখে ফারুলকে বলে দেন, তার সঙ্গে এই কাজে থাকা ৬ জনকে নিয়ে শনিবার হাজির হতে হবে। শেষে শনিবার দুপুরে ধর্ষক মাছিমপুরের ফারুল, একই গ্রামের কবীর আহমদ ও চ-িপুরের কৃষ্ণ নাথ সালিসে হাজির হয়। অন্য ৩ ধর্ষক চ-িপুরের তোফাজ্জল এবং একই গ্রামের আনসার ও আব্দুল আজিদ আসেনি। সালিসকারকরা ফারুল, কবীর ও কৃষ্ণ নাথকে ঘটনা সত্য কী-না জিজ্ঞেস করলে, তারা ঘটনা স্বীকার করে। পরে ৩ জনকেই ৩ বার করে কান ধরানো হয় এবং পাগলীকে এলাকা থেকে বিদায় করে দেওয়া হয়।
সালিসকারক হিসাবে উপস্থিত ছিলেন- বাজিতপুরের আব্দুল মতিন, শফিক মিয়া, শাহাব উদ্দিন, হারিছ আলী, আজর আলী ও বাজার কমিটির সভাপতি নূর উদ্দিন এবং ইদনপুরের নুরুল ইসলাম প্রমুখ।
বান্দের বাজারের একজন ব্যবসায়ী বলেন,‘এই পাগলীকে কোন দিন বাজারের কারো কোন ক্ষতি করতে দেখিনি। কিন্তু তার উপর হওয়া এই অমানবিক ঘটনার বিচার শুনে অনেকেই অসন্তুষ্ট হয়েছেন’।
সালিসে উপস্থিত বাজিতপুরের আব্দুল মতিন বলেন,‘আমি বিচারের শেষের দিকে এসে ৩ জনকে কান ধরাতে দেখেছি। পাগলীকে পাইনি’।
বান্দের বাজারের পরিচালনা কমিটির সভাপতি নূর উদ্দিন অবশ্য বলেছেন,‘আমরা শাসানোর জন্য ফারুল ও কবীরকে কান ধরিয়েছি। পাগলীকে পাওয়াই যায়নি। পাগলীকে কেউ বিদায় করেনি’।