কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠপুস্তকে ভুল থাকা অমার্জনীয় ভুল। অথচ এই বছরে পাঠ্যপুস্তকে ভুলের ছড়াছড়ি দেখা গিয়েছে। পাঠ্যপুস্তকের এইসব ভুল ও অসংগতি এখন জাতীয় পর্যায়ে বহুল আলোচিত বিষয়। বিশেষজ্ঞ থেকে শুরু করে সমাজের বিশিষ্টজন, সাধারণ মানুষ এবং শিক্ষার্থী সকলেই এই আলোচনায় লিপ্ত রয়েছেন। আলোচনার মূল সুর এক জায়গাতেই। তা হলো পাঠ্যপুস্তকের এই ভুল কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আলোচনায় পাঠপুস্তক প্রণয়ন, মুদ্রণ, প্রুফ রিডিং, সম্পাদনা, পারমার্জনা ইত্যাদি ক্ষেত্রে জড়িত ব্যক্তিবর্গের এজন্য ভীষণভাবে সমালোচনা করা হচ্ছে। সমালোচনা থেকে রেহাই পাচ্ছেন না খোদ শিক্ষামন্ত্রীও। স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির শিক্ষামন্ত্রী যে সাংঘাতিকভাবে বিরক্ত হয়েছেন তার বহিঃপ্রকাশও ঘটছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী এই ভুলের সাথে জড়িত ব্যক্তিরা রেহাইযোগ্য নয় বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন। দেশবাসীর নিকট এখন তাঁর এই কথাকে কাজে পরিণত করে নিজের স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। সকলে সেইদিকেই তাকিয়ে রয়েছে।
পাঠ্যপুস্তকে এবছর দুই ধরনের ব্যাপার ঘটেছে। সবচাইতে বড় যেটি সেটি হলো সম্পূর্ণ নিরবে দেশের প্রাজ্ঞজনদের মতামত ছাড়াই কিছু পাঠ্যপুস্তকে পরিবর্তন ও সংযোজন ঘটানো হয়েছে। কিছু প্রগতিশীল লেখকের লেখা বাদ পড়েছে পুরাতন কিছু পশ্চাদপদ মানসিকতার লেখাকে পুনরুজ্জীবন দেয়া হয়েছে। বিশিষ্টজনদের অভিমত হলো পরিবর্তনের এই স্তরে মুক্তিযুদ্ধের চেতন্,া মুক্তবুদ্ধির চর্চা ও প্রগতিশীলতার জায়গাটিকে কিছুটা ম্লান করা হয়েছে। অন্য দিকটি হলো কিছু অর্বাচীনতা, অদক্ষতা এবং চরম অবহেলাপূর্ণ সম্পাদনা। মুদ্রণের ভুল তো রয়েছেই। সবকিছু মিলিয়ে পাঠ্যপুস্তক প্রণয়নের পুরো প্রক্রিয়াটির মধ্যে জড়িত সকলের দায়সারা মানসিকতার পরিচয় মিলেছে। অথচ দায়িত্ব পালনকারীরা এজন্য রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করেছেন। এখানে হুমায়ুন আজাদের বই পড়্য়া শিশু শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক একটি সুখপাঠ্য ছড়া যেমন বাদ দেয়া হয়েছে, কুসুম কুমারী রায়ের কবিতার অঙ্গহানি ঘটানো হয়েছে তেমনি এখানে বর্ণ শিক্ষার নামে ছাগলকে গাছে চড়ানোর বন্দোবস্থ এবং ওরনার মতো লৈঙ্গিক উপদানের সাথে শিশুদের সম্পর্ক স্থাপন করা হয়েছে। একটি জাতির শিশুস্তরে পাঠ্যপুস্তকের এই মান গ্রহণযোগ্য নয়। এতে শিক্ষার বিস্তৃতির পরিবর্তে একধরনের বিচ্ছিন্নতা ও অনাধুনিক মানসিকতার উদ্ভব ঘটবে।
বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে সারা বিশ্বে যে অনন্য উদাহরণ তৈরি করেছেন আলোচিত ভুলভ্রান্তি সেই মহৎ অর্জনকে ম্লান করে দেয়। জানুয়ারির ১ তারিখে সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার বিরল কৃতিত্বের অধিকারী এই সরকার। সারা বিশ্ব অবাক হয়ে আমাদের এই উদাহরণ দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে। এরকম অবস্থায় আজ সমালোচকদের হাতে সমালোচনার একটি মোক্ষম অস্ত্র তুলে দেয়া হলো। কে তুলে দিল? সরকারেরই নিয়োজিত কিছু ব্যক্তি। এরা একদিকে পাঠ্যপুস্তক প্রণয়নের নামে পকেটে কোষাগারের টাকা ঢুকিয়েছে অন্যদিকে সীমাহীন উদাসীনতা ও দায়িত্বহীনতা দেখিয়ে সরকারকে সমালোচনার যূপকাষ্ঠে দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং এদেরকে কোনভাবেই ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। শিক্ষামন্ত্রীকে কঠোরভাবে দায়ীদের বিরুদ্ধে চোখ বন্ধ করে ব্যবস্থা নিতে হবে। নতুবা অবহেলার এই অচলায়তন ভাঙা কিছুতেই সম্ভব হবে না। যেসব পরিবর্তন নিরবে সম্পাদন করে জাতিকে পিছনে ঠেলে দেয়ার আয়োজন করা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে আবারও পাঠক্রমকে আধুনিক ও প্রগতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যও তৎপর থাকা বাঞ্ছনীয়। শিক্ষা অন্ধকার কাটিয়ে আলোকিত করার উপকরণ। তাই শিক্ষাকে আলোর দিশারীই রাখতে হবে।