- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পাথারিয়ার তহসিলদারের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) কাজী রফিকুজ্জামানের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে উৎকোচ আদায় ও রুঢ় আচরণ করার অভিযোগ উঠেছে।
সোমবার এ ঘটনার প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের  কাছে তহসিলদার কাজী রফিকুজ্জামানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কাঠালিয়া গ্রামের গোলাম মোস্তফা (আরজু মিয়া)। তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন  তহসিলদার কাজী রফিকুজ্জামান।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি ভূমির মামলায় আরজু মিয়া দ্বিতীয় পক্ষ। মামলায় জড়িত ওই ভূমির তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য আদালত দক্ষিণ সুনামগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) কে আদেশ দেন। পরে সহকারি কমিশনার (ভূমি) আদেশে পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) কাজী রফিকুজ্জামান তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু ওই প্রতিবেদনে ছাপাজনিত ত্রুটির কারণে বিবাদীর স্থলে বাদী ছাপা হয়। ওই প্রতিবেদনটি পুনরায় সংশোধন করার জন্য সহকারি কমিশনার (ভূমি) পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) কে নির্দেশ দেন। ত্রুটিপূর্ণ প্রতিবেদনের কারণে মামলার বিচার কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় গত ২৭ জুলাই আরজু মিয়া সহকারি কমিশনারের কাছ থেকে ওই আদেশের একটি কপি নিয়ে পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসে যান এবং ওই আদেশের কপি তহসিলদার কাজী রফিকুজ্জামানের কাছে জমা দিতে চান। কিন্তু সেই আদেশের কপিটি গ্রহণ করতে রাজী হননি তহসিলদার কাজী রফিকুজ্জামান। এসময় আরজু মিয়ার কাছে ৩ হাজার টাকা উৎকোচ দাবি করেন তহসিলদার কাজী রফিকুজ্জামান। আরজু মিয়া ১ হাজার টাকা প্রদান করে সহকারি কমিশনারের আদেশটি গ্রহণের অনুরোধ করেন। কিন্তু তহসিলদার কাজী রফিকুজ্জামান বৃদ্ধ আরজু মিয়ার কাছে ৩ হাজার টাকা দাবি করে বলেন, টাকা দিলে ৩ হাজার দেন। আর না হয় নাটক না করে এখান থেকে চলে যান। এসময় উল্টো প্রতিবেদন দেয়ার হুমকি দিয়ে ১ হাজার টাকা নোটটি ছুড়ে ফেলে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহসিলদার) কাজী রফিকুজ্জামান সকল অভিযোগ মিথ্যা দাবি করে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘কাঠালিয়া গ্রামের আরজু মিয়া নামের আমি কাউকে চিনি না। কেউ আমার কাছে এধরনের কোন কাজে আসেননি। কারো কাছে আমি টাকা পয়সা চাইনি এবং খারাপ আচরণও করিনি।’

  • [১]