- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পানিতে তলিয়ে যাওয়া ধান কেটে দিল একদল তরুণ

ধর্মপাশা প্রতিনিধি
চোখের সামনে পানিতে তলিয়ে গেল আধা পাকা ধান। তড়িঘড়ি করে সেই ধান কাটতে পারলে কিছুটা উপকার হবে। কিন্তু সেই ধান কাটায় শ্রমিকদের আগ্রহ নেই। তাই চেয়ে চেয়ে ধানের সলিল সমাধি দেখছিলেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের অসহায় কৃষক আশুতোষ সরকার। কিন্তু সোমবার দিনভর একদল তরুণ স্বেচ্ছাশ্রমে সেই ধান কেটে দেওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই কৃষক। ওই তরুণেরা বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকমীর্।
আশুতোষ সরকার স্থানীয় শালদিঘা হাওরে ৩২ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছিলেন। গত শুক্রবার শালদিঘা হাওরে পাহাড়ী ঢলের পানি প্রবেশ করতে শুরু করে। এতে আশুতোষ সরকারের ফসল তলিয়ে যায়। শ্রমিক সংকট থাকায় সেই তলিয়ে যাওয়া ধান সংগ্রহ করতে পারছিলেন না তিনি। তাই সোমবার সকালে বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাহিমুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের একদল তরুণ শালদিঘা হাওরে গিয়ে কোমড় পানিতে নেমে আশুতোষ সরকারের ধান কেটে দেয়।
কৃষক আশুতোষ সরকার বলেন, ‘পানিতে তলিয়ে যাওয়া ধান শ্রমিকেরা কাটতে চায় না। আর এ সময়ে সহজে শ্রমিক পাওয়া যায় না। অর্থকড়িরও সংকট রয়েছে। ছাত্রলীগের তরুণেরা আমার ধান কেটে দেওয়ায় খুব উপকার হয়েছে।’
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রানা আহমেদ সানি বলেন, ‘প্রত্যেকেরই উচিত অপরের বিপদে পাশে দাঁড়ানো। ছাত্রলীগের ভাইয়েরা যে কাজটি করেছে তা অবশ্যই প্রশংসনীয় কাজ।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজেদা আহমেদ বলেন, ‘দুর্যোগে দুর্বিপাকে সব সময়ই ছাত্রলীগ অসহায় মানুষের ছিল। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দিয়ে একটি মানবিক কাজ করেছে।’

  • [১]