বিন্দু তালুকদার
হাওর রক্ষা বাঁধ ভেঙ্গে, শিলা বৃষ্টি ও জলাবদ্ধতায় প্রায় ২২ কোটি টাকার বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি অফিসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে বেসরকারি হিসাবে ক্ষতির পরিমাণ আরো বেশি। কৃষি অফিসের দাবি অতিবৃষ্টি ও বেড়িবাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে গেছে প্রায় ৩ হাজার হেক্টর এবং শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আরো ১৫ হাজার হেক্টর জমি। তাতে টাকার অংকে ক্ষতির পরিমাণ ২২ কোটি টাকা বলে উল্লেখ করেছে কৃষি বিভাগ।
গত এক সপ্তাহ টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাঁক, দরগাপাশা, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ছোট ছোট বেশ কিছু হাওর, বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার খরচা হাওর, সদর উপজেলার জোয়ালভাঙ্গা ও কানলার হাওর, জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের ছোট হাওর, শাল্লার বাহাড়া ইউনিয়নের খলি, মুনয়া ও রুপসা গ্রামের নিকটবর্তী হাওরের ফসলী জমি। অনেক
হাওরের জমি অধিকাংশ আবার কিছু কিছু হাওরের আংশিক পানিতে তলিয়ে গেছে। বাঁধ ভেঙে জগন্নাথপুর উপজেলার চাতলবন ও তাহিরপুর উপজেলার নজরখালি বাঁধ ভেঙে টাঙ্গুয়ার হাওরের একটি অংশের ফসল ডুবেছে।
শিলাবৃষ্টিতে সদর উপজেলার করচা, দেখার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, হাওর, মহালিয়া হাওর , জামালগঞ্জের পাগনা ও হালির হাওর, গজারিয়া হাওর ও ছনুয়ার হাওরের ফসলে ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর, চিলাউড়া হাওর, মইয়ার হাওর, কেওলার হাওর, বাঘ ময়নার হাওর, দক্ষিণ সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরের ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাল্লা উপজেলার শাসখাইর হাওর, বরাম হাওর ও বাহারা ইউনিয়নে পুড়ারপার হাওরের ফসল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও বৃষ্টির পানিতে অধিকাংশ হাওরের নীচু জমি তলিয়ে যাচ্ছে। দিরাই উপজেলার কালিকুটা হাওর, বরাম হাওর, উদগল হাওর, নারাইনকুরী হাওরের জমির ফসল শিলা বৃষ্টিতে এবং জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিরাই উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা রনধীর চৌধুরী বলেন,‘উপজেলার বিভিন্ন হাওরে প্রায় দেড় হাজার হেক্টর জমির ফসল শিলাবৃষ্টিতে এবং ৩০০ হেক্টর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. ইকবাল হোসেন বলেন,‘বাঁধ ভেঙ্গে টাঙ্গুয়ার হাওরে প্রায় ১০০ একর জমি তলিয়ে গেছে। শিলাবৃষ্টিতে উপজেলার বৃহৎ দু’টি হাওর শনি ও মাটিয়ানে পাকা ধানের কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে। সঠিক হিসাব সংগ্রহ করতে কৃষি বিভাগ কাজ করছে।’
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন অতিবৃষ্টিতে হাওরের ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে শিলাবৃষ্টিতে অন্তত ১০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। অনেক এলাকায় কৃষকরা জমিতেই যাচ্ছেন না, কেবল হাহাকার করছেন’।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক মো. জাহিদুল হক বলেন,‘টানা বৃষ্টিপাত ও শিলাবৃষ্টিতে জেলার বেশ কয়েকটি হাওরের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি উপজেলার জলাবদ্ধতার পানিতে তলিয়ে আবার কোথাও কোথাও বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে। বাঁধ ভেঙ্গে তলিয়েছে ৩-৪ টি হাওর এবং শিলাবৃষ্টিতে ১০-১৫ টি হাওরের ফসল ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ২২ কোটি নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরুপণ করতে আরো কিছু সময় লাগবে। আবহাওয়া অনুকূলে আসলে ক্ষতির পরিমাণ কমতে পারে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ ক্ষতির হিসাব সংগ্রহে কাজ করছে।’