জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আশ্রয়কেন্দ্র্রে অবস্থানরত বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর না নেয়ায় এবং দায়িত্ব অবহেলার কারণে এক ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। গত বুধবার জগন্নাথপুরের ইউএনও সাক্ষরিত এক পত্রে তাকে শোকজ করা হয়।
শোকজ হওয়া ইউপি সদস্য হলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য, খাগাউড়া গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন খাগাউড়া।
গত মঙ্গলবার বিকেল জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে যান। ওই সময় তিনি গোপড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের খোঁজ খবর নিতে গিয়ে জানতে পারেন, স্থানীয় মেম্বার ইকবাল হোসেন দুর্গতদের কোন খোঁজ খবর নেননি। এসময় ইউএনও, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া এবং আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মেম্বার মুঠোফোন কল দিয়েও তাঁকে পাননি। দায়িত্ব পালনে অবহেলার কারণে ইউএনও তাঁকে শোকজ করেন। এবিষয়ে জানতে বুধবার দুপুরে ইউপি সদস্যে ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতের খোঁজ খবর না রাখায় এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মেম্বার কে কারণ দশানোর নোর্টিশ দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে হবে।