স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে ২০১৬-২০১৭ অর্থ বছরের সোনাপুর মডেল হাইস্কুল ও সোনাপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে।
সোনাপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম রবিবার জেলা প্রশাসকের কাছে স্থানীয় ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে ওই দুই প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬-২০১৭ অর্থ বছরের সোনাপুর মডেল হাইস্কুলের মাঠ ভরাটের ৩ লাখ ২০ হাজার টাকার মধ্যে নামমাত্র কাজ করিয়ে অধিকাংশ টাকা আত্মসাত করে ইউপি সদস্য আলী হোসেন। একইভাবে সোনাপুর মাদ্রাসা সংলগ্ন রাস্তার উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ৭৫ হাজার টাকার কোন কাজ না করে পুরো টাকা আত্মসাত করেছেন।
এ ব্যাপারে পান্ডারগাঁও ইউপির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন বলেন,‘ আমি ওই দুইটি প্রকল্পের সম্পুর্ন কাজ করেছি। কাজগুলো উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সবাই দেখেছেন। আমার প্রতিপক্ষ কিছু মানুষ নুর ইসলামকে দিয়ে এই মিথ্যা অভিযোগ করিয়েছেন। ’