সমাজে অপরাধ ভয়াবহ রূপ নিয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, গত দুই বছরে দেশে সামাজিক অপরাধের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এখনই যদি এ অবস্থা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেয়া না হয় তবে তা মহামারীর রূপ নেবে। সম্প্রতি পরপর কয়েকটি খুনোখুনির ঘটনা উদ্বেগ-উৎকণ্ঠা আরো বাড়িয়ে দিয়েছে। দুইদিন আগে মাদারীপুরের কালকিনিতে কিশোরী মিতু মন্ডলকে কুপিয়ে খালে ফেলে যায় একই গ্রামের যুবক মিলন মন্ডল। কয়েক সপ্তাহ আগে রাজধানীর ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রী রিশাকে ছুরিকাঘাতে হত্যা করে এক বখাটে। ১৭ সেপ্টেম্বর শনিবার রাজশাহীতে সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন এক মা। রংপুর শহরে ২২ মাসের কন্যা সন্তানকে গলাটিপে হত্যা করেন রিকশাচালক বাবা। এসব ঘটনা থেকে দেখা যাচ্ছে নিজ বাবা-মায়ের কাছেই তাদের সন্তানেরা অনেক সময় নিরাপদ নয়। এসব ঘটনার বিপরীতেও রয়েছে আরো ঘটনা। যেমন চট্টগ্রামের হাটহাজারীতে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামে মাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই নিজের ছেলের বিরুদ্ধে। একই দিনে ঘটেছে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেয়ায় এক কিশোর তার মা ও বাবাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করলে এসময় ছেলের দেয়া আগুনে দগ্ধ বাবার মৃত্যু হয়। ঈদের আগে পরে দেশে যে কয়টি হত্যার ঘটনা এসেছে গণমাধ্যমে, তার বেশিরভাগই হয়েছে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে। এসব ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, মা বা বাবা সন্তানকে, সন্তান বাবাকে, স্বামী স্ত্রীকে, চাচা ভাতিজাকে বা ভাতিজা চাচাকে, ভাই ভাইকে হত্যার অভিযোগ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম আট মাসে সারা দেশে ৩ হাজার ৬১টি খুনের ঘটনা ঘটে। এ সময়ে রাজধানীতে ১৭২ জন খুন হন, যার মধ্যে ১৬২টি খুনের কারণ সামাজিক ও পারিবারিক। পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, দেশে প্রতিদিন গড়ে খুন হচ্ছেন ১৪-১৫ জন। এর অধিকাংশই পারিবারিক ও সামাজিক কারণে হচ্ছে। সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা বলছেন, প্রতিটি পরিবারেরই ভিন্ন ভিন্ন সমস্যা থাকে। আর অনেক কারণ একত্রিত হয়ে এ ধরনের পারিবারিক হত্যাকা- সংঘটিত হয়। তবে এর পেছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে হতাশা, পরকীয়া, আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাওয়া, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি। নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাবে পরিবারিক বন্ধন ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। পাশাপাশি সহনশীলতার মাত্রা কমে যাচ্ছে, সামাজিক অস্থিরতার কারণে জীবনে বাড়ছে হতাশা, মানসিক বিষন্নতা, আর্থিক দৈন্য। ফলে সমাজে বেড়ে চলেছে অপরাধও। এই অপরাধ এখন পরিবারে ঢুকে পড়েছে। অন্যদিকে সমাজে ভোগবাদী প্রবণতা বাড়াও এর একটি কারণ। সমাজের একাংশ এতটাই ভোগবিলাসী জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে যে, এই সমাজে পারিবারিক কাঠামো থাকলেও তা নামমাত্র। কোনো ধরনের স্বাভাবিক বোঝাপড়া তাদের মধ্যে নেই। ফলে বাবা-মা-সন্তানের মধ্যেও স্নেহের বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। তা ছাড়া চলচিত্র এবং সমাজ বাস্তবতা থেকেও অপরাধের পাঠ নিচ্ছে কিশোর-তরুণরা। অনুকরণের মাধ্যমেও অনেক অপরাধ ঘটছে।
এসব অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে পারিবারিক বন্ধন জোরদার করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে। চাহিদা এবং প্রাপ্তির মধ্যে ব্যবধান কমাতে হবে। ছোটবেলা থেকেই সন্তানকে নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে হবে। ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ বাড়াতে হবে। সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক-সাংস্কৃতিক তৎপরতা বাড়াতে সরকারকে উদ্যোগী হতে হবে। সমাজে বিদগ্ধজন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পারিবারিক, সামাজিক অস্থিরতা দেশের আইনশৃঙ্খলার জন্য যেমন অশনিসংকেত হয়ে দিখা দিচ্ছে তেমনি অবক্ষয়ের চরম অবস্থার জানান দিচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার বিকল্প নেই।