বিজয় রায়, ছাতক
ছাতকের পালপুর-জাতুয়া সড়ক ১০ বছরেও কোন সংস্কার করা হয়নি। বেহাল দশার কারণে এ সড়ক দিয়ে বর্তমানে যান চলাচল স¤পূর্ণ ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। গোটা সড়ক জোরেই রয়েছে খানা-খন্দ ও ভাঙ্গা-চোরা। সড়কের কোন-কোন অংশে সৃষ্টি হয়েছে বড়-বড় গর্ত। বৃষ্টি হলেই সড়কের গর্তগুলো পানিতে ভরে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে চলাচলের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বলে মনে করছেন স্থানীয়রা।
জলালপুর-দোলারবাজার সড়কের সাথে সংযোগ রক্ষাকারী পালপুর-জাতুয়া সড়ক দিয়ে ৮-১০টি গ্রামের মানুষ জেলা ও উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে পালপুর, জটি, খুরমা, মর্যাদসহ দক্ষিণ খুরমা ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আবার খুরমা পয়েন্ট থেকে বিভক্ত হয়ে একটি সড়ক মানিকগঞ্জ বাজার হয়ে জাতুয়া পর্যন্ত এবং আরেকটি সড়ক মুনিরজ্ঞাতি-নোয়াগাঁও হয়ে রাউলী পর্যন্ত বিস্তৃত হয়েছে। উভয়ই সড়কই বর্তমানে চলাচলের অনুপযোগী। এর মধ্যে পালপুর-খুরমা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। এ সড়ক দিয়ে পালপুর,
জটি, খুরমা, মর্যাদসহ কয়েকটি গ্রামের মানুষ এবং পালপুর মাদ্রসা, মর্যাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, খুরমা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খুরমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল-মাদ্রসায় আসা যাওয়া করে থাকে। সড়কের বেহাল দশার কারণে স্কুল-মাদ্রসায় আসা-যাওয়া করতে শিক্ষার্থীীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এ ছাড়া দক্ষিণ ছাতকের অন্যতম এ সড়ক দিয়ে মনিপুর, সেনপুর, মুনিরজ্ঞাতি, দড়ারপাড়, ভুঁইগাঁও, ছেগাপাড়া, সিকন্দরপুর, মানিকগঞ্জ, মায়েরকুল, রাউলীসহ আরো ১০-১২টি গ্রামের মানুষ চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় লোকজন দুর্ভোগ মেনে নিয়েই আসা-যাওয়া করছেন। এ সড়ক দিয়ে কোন ভারী যানবাহন চলাচল না করলেও আটো-টেম্পু, সিএনজি-ফোরষ্ট্রোক, লেগুনা, পিক-আপ ও ছোট ট্রাক নিয়মিতই চলাচল করতে দেখা গেছে। কোন উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই এ সড়ক দিয়ে চলাচল করছে এসব গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ। ভাঙ্গা রাস্তা থাকার কারণে অতিরিক্ত ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের। সন্ধ্যা ঘনিয়ে এলেই যানবাহনের সংখ্যা ক্রমেই কমে যেতে থাকে। এসময় যাত্রী সাধারণ বিপাকে পড়ে প্রায় দ্বিগুন ভাড়া দিয়ে গাড়ি রিজার্ভ করে গন্তব্যে পৌছা ছাড়া আর কোন উপায় থাকে না। জনগুরুত্বপূর্ণ গ্রামীণ এ সড়ক দিয়ে প্রতিদিনই সরকারী-বেসরকারী সংস্থার লোকজন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ যাওয়া-আসা করছেন। কিন্তু মাত্র ৩ কিলোমিটার সড়ক সংস্কারে কেউ এগিয়ে আসছেন না।
এ সড়কে চলাচলকারী ফোরষ্ট্রোক চালক মারুফ আহমদ, ফখরুল ইসলাম, জাবেদ আহমদ জানান, পালপুর থেকে খুরমা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কের অধিকাংশই ভাঙ্গা-চোরা। এ সড়ক দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। সড়কের বেহাল দশার কারেণে যাত্রীদেরও খুব কষ্ট হয়ে থাকে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার জানান, পালপুর-জাতুয়া সড়কটি হ্যামলেট প্রজেক্টের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে বলে তিনি আশবাদ ব্যক্ত করেন।