সিলেট অফিস
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার গড় পাসের হার ৮৪ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুইহাজার ২৬৬ জন। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে দুই দশমিক ৯৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া গতবারের তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ১৮৬ জন।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এবার ৮৪ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৭১ হাজার ৫৮৬ জন। পাসকৃতদের মধ্যে ৩২ হাজার ৩১৮ জন ছেলে এবং ৩৯ হাজার ২৬৮ জন মেয়ে। গড় পাসের হারের দিক দিয়ে ছেলেরা ৮৫ দশমিক ৭৯ শতাংশ এবং মেয়েরা ৮৩ দশমিক ৯৫ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
একই সূত্র নিশ্চিত করেছে, মোট দুইহাজার ২৬৬টি জিপিএ-৫ এর মধ্যে ছেলে একহাজার ২২৫ জন এবং মেয়ে একহাজার ৪১ জন। গত বছর ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করলেও এবার সে সংখ্যা বেড়েছে। এবার ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম বলেন, ‘সার্বিক ফলাফলে আমরা খুশি। তবে শিক্ষক ও শিক্ষার্থীরা এখনও সৃজনশীল পদ্ধতিতে অভ্যস্ত না হতে পারায় পাসের হার আশানুরূপ হয়নি। এতে গড় পাসের হারে কিছুটা প্রভাব ফেলেছে। তবে ভবিষ্যতে এটি কাটিয়ে উঠতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’
পিছিয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীরা: পাসের হার দিক দিয়ে গতবারের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৭৮ শতাংশ। গতবার যা ছিল ৯৫ দশমিক ১২ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে এক দশমিক ৩৪ শতাংশ। তবে বিজ্ঞানের শিক্ষার্থীরা গড় পাসের হারের দিক দিয়ে পিছিয়ে পড়লে এবার গতবারের চেয়ে তুলনামূলকভাবে ভালো ফলাফল করেছে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।
মানবিক বিভাগে এবার পাসের হার ৮০ দশমিক ৯৮ শতাংশ। গতবার যা ছিল ৭৬ দশমিক ৪৬ শতাংশ। এবার এ বিভাগে পাসের হার বেড়েছে চার দশমিক ৫২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৯১ দশমিক ২২ শতাংশ। গতবার যা ছিল ৮৯ দশমিক ২৮ শতাংশ। এবার এ বিভাগে পাসের হার বেড়েছে এক দশমিক ৯৪ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মঈনুল ইসলাম জানান, বিজ্ঞানের শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার বিষয়টিকে সৃজনশীল পদ্ধতিতে তাদের অভ্যস্ত হতে না পারার বিষয়টিই প্রধান কারণ হিসেবে মনে করছে শিক্ষা বোর্ড। তাই ভবিষ্যতে এটি কাটিয়ে উঠতে যেসব উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেসব বোর্ড কর্তৃপক্ষ যথাযথভাবে নেবে।
বিজ্ঞানে জিপিএ-৫-এর জয়জয়কার: পাসের হারের দিক দিয়ে গতবারের তুলনায় বিজ্ঞানের শিক্ষার্থীরা এবার অনেকটা পিছিয়ে পড়লেও অপর বিভাগের শিক্ষার্থীদের চেয়ে জিপিএ-৫ অনেক মাত্রায় বেশি পেয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে দুইহাজার ৯৭ জন। এর মধ্যে ছেলে একহাজার ১৫২ জন এবং মেয়ে ৯৪৫ জন।
অন্যদিকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫২ জন। এর মধ্যে ছেলে ১৪ জন এবং মেয়ে ৩৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন। এর মধ্যে ছেলে ৫৯ জন এবং মেয়ে ৫৮ জন।
সুনামগঞ্জ এগিয়েছে একধাপ: শিক্ষা বোর্ডের অধীনে থাকা চার জেলার মধ্যে পাসের হারের দিক দিয়ে সবার আগে রয়েছে সিলেট জেলা। এ জেলা থেকে ৩১ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৭ হাজার ১৬২ জন। পাসের হার ৮৬ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও সিলেট জেলা সবার আগে রয়েছে। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে একহাজার ২৮০ জন। এর মধ্যে ছেলে ৭২৩ জন এবং মেয়ে ৫৫৭ জন।
গড় পাসের হারের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলা থেকে ১৫ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ৪৭৬ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৯ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে বোর্ডে তৃতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩৪৯ জন। এর মধ্যে ছেলে ১৯৭ জন এবং মেয়ে ১৫২ জন।
সুনামগঞ্জ জেলা পাসের হারের দিক দিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে। এ জেলায় ১৭ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার। পাসের হার ৮৩ দশমিক ৬০ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ জেলা সবার নিচে অবস্থান করছে। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন। এর মধ্যে ছেলে ১১৭ জন এবং মেয়ে ১০১ জন।
পাসের হারের দিক দিয়ে মৌলভীবাজার জেলা বোর্ডের চার জেলার মধ্যে সবার নিচে রয়েছে। এ জেলায় ১৯ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৯৪৮ জন। পাসের হার ৮২ দশমিক ৩৮ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। মৌলভীবাজার জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪১৯ জন। এর মধ্যে ছেলে ১৮৮ জন এবং মেয়ে ২৩১ জন।
যেখানে কেউ পাস করেনি: ২০১২ সালের পর হতে সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ অকৃতকার্য হয়েছে, এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। তবে এবার সে তালিকায় একটি বিদ্যালয় রয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার ললুয়ারচর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে প্রত্যেকেই অকৃতকার্য হয়েছে। এবারই এ প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বোর্ড পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম।