- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুঁজি ও হাঙ্গর

ইকবাল কাগজী
পুঁজির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে
চে গুয়েভারার বুক ঝাঁঝরা হয়ে গেলো
সভ্যতার রক্তখেকু ইয়াংকি বুলেটে
 
এখন গেঞ্জির বুকে বলিভিয়ার বনের সবুজ নির্জনে
                                     পড়ে থাকা সেই
স্বপ্নবান মানুষের দারুণ বিখ্যাত ছবি
কানে কানে বলি
কালিদহ চরের শহরে পৌরবিপণিতে মধ্যবিত্ত নামে
                                  এক দোকানে সে
সুদৃশ্য গেঞ্জি পাওয়া যায়

দেখ বা হে
কী চমৎকার দেখতে লাগে
                           চক্ষুচড়ক গাছ
 এখন কেমন পরিপক্ক পুঁজি চে’কে নিয়ে
                 কী চমৎকার ব্যবসা চালায়
 
মুক্তবাজারের পৌরবিপণিতে মুনাফার
                         কী রঙিলা মেলা
আহা কী বাহা কী ক্যারিশমা দারুণ

কী বলি
ছবি কী ছার
মুক্তবাজারে যে-কোনও মানুষীও বলার স্টলের
               একটি রসগোল্লার বেশি কীছু নয়
রমণী মানেই আমু-মন্থনযোগ্য
বিশ্বভরা গুরমিত রাম রহিম ইনসানের দল
                          বড় বেশি রিরংসাপ্রবণ
                               
আমি জানি
আপাদমস্তক মানবীকে পুঁজি
                কামড়ে কামড়ে খাবে আজীবন
রমণী মানেই বাজারে নিলামযোগ্য সানি লিয়ন কিংবা
তৃতীয় বিশ্বের কোনও কানাগলি গণধর্ষণের রঙ্গমঞ্চ
আলো-আঁধারের অপরূপ চিত্রকল্পে রাতপরি
পুঁজিবাজারের একপ্রান্তে অপেক্ষায় রাত পার তার

প্রকৃতপ্রস্তাবে পুঁজি আর হাঙ্গরের মধ্যে তেমন কোনও
                                            তফাৎ নেই
সদন্ত দু’টিই দু’টিই কামড়ে খায়
তফাৎ কেবল মাংস আর সভ্যতার             
 

  • [১]