দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেনের পুত্র তৃতীয় শ্রেণির ছাত্র মো. সবুজ হোসেন (১০)।
জানা যায়, পরিবারের সবার অজান্তে মঙ্গলবার দুপুরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় সবুজ হোসেন। দিনভর সবাই মিলে তাকে বাড়িতে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকালে পুকুর পাড়ে তার জুতা দেখে পুকুরে জাল দিয়ে তার লাশ উদ্ধার করা হয়। বিকাল ৪ টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।