স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে পুত্রবধু’র হাতে শ্বশুর খুন হয়েছেন। নিহতের নাম সইফুদ্দিন (৫৭)। উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর-রাজনপুর গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সইফুদ্দিনের ছেলে ফয়জুননূর বাদী হয়ে খুনের মামলা দায়ের করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সইফুদ্দিনের ছেলে সফিকুননূরের সঙ্গে তার স্ত্রী সোহেনা বেগমের প্রায়ই ঝগড়া হতো। রেজাউল আরিয়ান নামে তাদের ৯ মাস বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। শনিবার সকালে স্বামী-স্ত্রী ঝগড়া’র এক পর্যায়ে স্ত্রী সোহেনা বেগম শ^শুরবাড়ি থেকে চলে যাবার জন্য বের হয়। এসময় শ^শুর সইফুদ্দিন ফেরানোর জন্য তার পথ আগলে দাঁড়ান। ক্ষুব্ধ পুত্রবধূ হাতের নাগালে থাকা বাঁশের টুকরা দিয়ে শ^শুর সইফুদ্দিনকে বুকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত সইফুদ্দিনকে বাড়ির অন্যরা ঘরে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুলিশ এসে পুত্রবধূ সোহেনা বেগম (২২) কে আটক করে। সোহেনার সঙ্গে থানা হাজতে রয়েছে তার ৯ মাসের শিশু সন্তান রেজাউল আরিয়ানও।
দোয়াবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকান্ড ঘটেছে। সইফুদ্দিন’এর বড় ছেলে বাদী হয়ে সোহেনা বেগমকে আসামী করে খুনের মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।