স্টাফ রিপোর্টার
পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ, পোল্ট্রি ও গবাদিপশুর খামারিরা। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত খামারিরা পুনর্বাসন, প্রণোদনা, ব্যাংক ঋণ পুনঃতফসিল, নতুন করে সহজ শর্তে ঋণ প্রদান ও খামারিদের জন্য বীমা চালুর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় খামারিরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। সব বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছি আমরা। সরকারিভাবে খামারিদের পুনর্বাসনের উদ্যোগ না নিলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। অনেকের ব্যাংকে ঋণ আছে। কিন্তু ঋণের কিস্তি দেওয়ার মতো খামারিদের সামর্থ নাই। ছোট-বড় ব্যবসায়ীদের প্রণোদনা দিতে হবে।
মানববন্ধন চলাকালে সালেহীন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন খামারি সাহাজ উদ্দিন, সাইফুল সিদ্দিকী, নুরুল আলম, তোফাজ্জল হোসেন, ওয়াকিল সিদ্দিকী, রফিকুল ইসলাম, আজিজুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ১২টি উপজেলায় ২৫ হাজার ১৭৩টি পুকুরের সব মাছ ভেসে গেছে। জেলায় মাছচাষি আছে ১৬ হাজার ৫০০জন। ভেসে যাওয়া মাছের পরিমাণ ৩০ হাজার মেট্রিক টন। পোনা ভেসে গেছে প্রায় ১০ কোটি টাকার। সব মিলিয়ে এখন পর্যন্ত ক্ষতি হয়েছে এক হাজার কোটি টাকার। এর মধ্যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় ১০০ কোটি টাকার। বন্যায় গবাদি পশু মারা গেছে এক হাজার ৭০০টি। আর হাঁস-মুরগী মারা গেছে ১ লাখ ২৬ হাজার।