স্টাফ রিপোর্টার
সচ্ছল পরিবারের শিশুরা জন্মমুহূর্ত থেকেই না চাইতে পেয়ে যায় রকমারি খেলনা। তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শৈশবের নির্মল আনন্দের স্মৃতিমাখা পুরানো খেলনাগুলো অবহেলায় পড়ে থাকে ঘরের কোনায়, খাটের তলায়, স্টোররুমের জঞ্জালে কিংবা চলে যায় আবর্জনার স্তূপে। অন্যদিকে বস্তি বা কুঁড়েঘরে দারিদ্রে বেড়ে ওঠা শিশুদের তো
মৌলিক চাহিদাগুলোই ঠিকমতো পূরণ হয় না, খেলনা তাদের জীবনে বিলাসিতামাত্র।
তাই সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে ১ হাজার পুরোনো খেলনা সংগ্রহ করে বিতরণের উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জের আনন্দের ফেরিওয়ালারা। পুরোনো খেলনা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হবে।
চাইলে আপনিও একটি খেলনা দিয়ে যেতে পারেন, হোক পুরোনো বা নতুন। খেলনা সংগ্রহের ভেন্যু এইচ, এম, পি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব, সরকারি এসএসি বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ও সুনামগঞ্জ সরকারি কলেজের কম্পিউটার ল্যাব। খেলনা সংগ্রহের সময় সকাল ১০টা থেকে দুপুর ১ টা ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। ৩০ মার্চ পর্যন্ত খেলনা সংগ্রহ করা হবে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন সাজ্জাদুর রহমান পলিন ০১৭২৬ ৬০১৪৭৭, মোশাররফ আলম মূসা ০১৭২২ ১১৪৯৪২, জুনায়েদ আহমদ সুজন ০১৭১২ ৫১০২৪০, অকিক মিয়া ০১৭২১ ৫৯৩২৭৭।