- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পুলিশের ওপর হামলা করে পালিয়ে যাওয়া সেই আসামি কারাগারে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার ছিনিয়ে নেওয়া আসামিকে শুক্রবার সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক এসআই রাজিব রহমান জানান, গত ১৪ মার্চ পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি ও ধর্ষণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি ঐয়ারকোনা গ্রামের ইছকন্দর আলীর ছেলে আব্দুল হাশিম কে ছিনিয়ে নেয় তাঁর স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পর তাকে শুক্রবার সকালে সিলেট শহর থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য ১৪ মার্চ রবিবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি আব্দুল হাশিম (৪৫)কে অভিযান চালিয়ে আটক করে। আসামীকে নিয়ে আসার সময় আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামি আব্দুল হাশিম কে ছিনিয়ে নিয়ে যায়। হামলার এঘটনায় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক (এএসআই) শফিকুল হক ও কনস্টেবল নিয়ামুল ইসলাম আহত হন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঐয়ারকোনা গ্রামের শাহীন আহমেদ (৩২), দিলাল আহমেদ (২৪) মুহিবুর রহমান (২৩) মখদুছ আলী (৩৫) কে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় ৫৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।

  • [১]