স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নে পুলিশের কাছে তিন বছরের ছেলেকে রেখে ভোট দিলেন সাবিনা বেগম নামে এক মা। সোমবার সকালে বালিজুরী এইচ এ সিনিয়র মাদ্রাসা ভোট কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে সকাল ৮ টা থেকে ৭১টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়। শীত উপেক্ষা করে বালিজুরী এইচ এ সিনিয়র মাদ্রাসায় নারী ভোটারদের বেশি উপস্থিতি এবং দীর্ঘ লাইন হওয়ায় সাবিনা বেগমের তিন বছরের ছেলে কাঁদতে থাকে। পরে কেন্দ্রে দায়িত্বে থাকা নূর আহমদ নামে এক পুলিশ কর্মকর্তার কাছে ছেলেকে রেখে ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে ভোট দেন মা।
কেন্দ্রে দায়িত্বে তাকা পুলিশ কর্মকর্তা নূর আহমদ বলেন, নারীদের দীর্ঘ লাইন হওয়ায় শিশুটি কেঁদেই যাচ্ছিল। পরে শিশুটির মা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের সময় তার শিশু ছেলেকে আমার কাছে রেখে যান। তবে ওই পুলিশ কর্মকর্তা কোন থানায় কর্তব্যরত আছেন সেটা বলেননি।
ভোট দেওয়া শেষে শিশুটির মা সাবিনা বেগম বলেন, ভোট কেন্দ্রে ভিতরে ছেলেকে নিয়ে ভোট দেওয়া সম্ভব ছিল না সেই জন্য পুলিশের কোলে ছেলেকে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসলাম।
তিনি বলেন, পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর আমার ছেলেকে পুলিশের কোলে রেখে যাওয়া মানে নিশ্চিন্ত আমার ছেলে নিরাপদ থাকবে। আর আমিও নিশ্চিন্ত মনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।