স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জে পুলিশি ‘নির্যাতনে’ উজির মিয়া নামের এক যুবকের মৃত্যুর অভিযোগে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জের আদালত চত্ত্বরে বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আশিক মিয়া সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. মাসুক আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল তুহিন, মনীষ কান্তি দে মিন্টু প্রমুখ।
প্রসঙ্গত, শান্তিগঞ্জের শত্রুমর্দন গ্রামের বাসিন্দা উজির মিয়া গত ২১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মারা যান। একটি গরু চুরির মামলায় তাকে শান্তিগঞ্জ থানা পুলিশ আটক করেছিল। নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তাঁর পরিবার।