সু.খবর ডেস্ক
পুলিশের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদ খানম মিতুকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, ‘তাদের ধারণা পুলিশের কাউকে হত্যা করলেই জঙ্গীদের বিরুদ্ধে অভিযানে পুলিশের মনোবল ভেঙে যাবে। তাদের এ ধারণা ভুল। এতে পুলিশের মনোবল ভাঙবে না। কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং কারা জড়িত তদন্ত করে তাদের বের করা হবে।’
রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর ওআর নিজাম আবাসিক এলাকার ‘ইকুইটি সেন্ট্রিয়ামে’ পুলিশ সুপার বাবুল আকতারের বাসায় গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে দুর্বৃত্তদের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযান বিভ্রান্ত করতেই পরিকল্পিত এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। তবে আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরও শিগগির ধরে ফেলবো।’
তিনি বলেন, ‘বাবুল আকতার একজন পরিশ্রমী, সৎ ও মেধাবী পুলিশ অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি ও সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছেন। জঙ্গিদের আতঙ্ক হয়ে দেখা দিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা। সম্প্রতি তার কাজের মূল্যায়ন হিসেবে তিনি পদোন্নতিও পেয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ কর্মকর্তার স্ত্রী মিতু হত্যায় গোয়েন্দারা এরইমধ্যে তদন্তে নেমে পড়েছেন। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ পরিবারের সদস্যদেরও অবশ্যই নিরাপত্তা দেওয়া হবে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে এ ধরনের টার্গেট কিলিং সংগঠিত হচ্ছে। দেশের যেসব টার্গেট কিলিং হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার আগে আরও ৩৭ জনকে এভাবে খুন হতে হয়েছে। এরমধ্যে ৩৪টি-ই আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। এসব ঘটনায় ১৪৪ জন গ্রেফতার আছে। আর ৪৯ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। কাজেই এক্ষেত্রে আমাদের সফলতা অনেক। এ সফলতা বিভ্রান্ত করতে অনেকেই হয়তো বিভিন্ন রকম চেষ্টা করছে।’