সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মিজানুর রহমান, পিপিএম বুধবার সিলেটের লালাবাজারস্থ রেঞ্জ রিজার্ভ ফোর্স এর নবনির্মিত ব্যরাক ভবনে সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন। সম্প্রতি পুলিশ বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হবিগঞ্জ জেলার ১১৬জন, সুনামগঞ্জ জেলার ১৩৬ জন ও কিশোরগঞ্জ জেলার ১৪৬জনসহ সর্বমোট ৩৯৮ জন পুলিশ কনস্টেবলকে সিলেটের লালাবাজারস্থ রেঞ্জ রিজার্ভ ফোর্স এর নবনির্মিত ব্যরাক ভবনে ০৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
সভায় প্রধান অতিথি জনাব মোঃ মিজানুর রহমান, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ তার বক্তব্যে বলেন যে, স্বাধীনতা যুদ্ধে পাক সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন ঢাকাস্থ রাজারবাগের তৎকালীন পুলিশ সদস্যগণ। পুলিশের এই সুবর্ণ ইতিহাসকে কোনভাবে মলিন হতে দেয়া যাবে না। দেশের আইন-শৃংখলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা, সাহসিকতা
ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। তিনি প্রশিক্ষণার্থীদের নিয়ম শৃংখলা মেনে কঠোর পরিশ্রম করে মনযোগ সহকারে আইন অধ্যয়ন, অস্ত্র চালনা ও শারীরিক কসরতগুলো আয়ত্ত করে দক্ষ পুলিশ অফিসার হিসেবে গড়ে ওঠার এবং প্রশিক্ষকদের সর্বাধিক গুরুত্ব সহকারে প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘ মিশনে অংশগ্রহণসহ পদোন্নতির সুযোগ রয়েছে মর্মে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মোঃ মাহমুদুর রহমান, পিপিএম। বিশেষ জনাব সুজ্ঞান চাকমা এর উপস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরআরএফ, সিলেট এর বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি