আমিনুল ইসলাম, তাহিরপুর
পূর্ব শত্রুতার জের ধরে তাহিরপুরে এক কৃষকের করলা বাগান বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তাহিরপুর উপজেলা সদরের ভাটি জামালগড় গ্রামের কৃষক রহিম উদ্দিনের জমিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বর্গাচাষী কৃষক রহিম উদ্দিন (৫০) এর প্রায় ৪০ শতক জমির করলা গাছের গোঁড়া কেটে বিনষ্ট করেছে একই গ্রামের প্রতিপক্ষ মৃত ইব্রাহিমের পুত্র আল-আমিন। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক রহিম উদ্দিন অভিযোগ করে বলেন, প্রতিবেশী মৃত ইব্রাহিমের পুত্র আল-আমিন পূর্ব-শত্রুতার জের ধরে গভীর রাতে বাগানের করলা গাছের গোঁড়া কেটে দিয়েছে। বিগত বছরেও আল আমিন মরিচের বাগান কেটে লক্ষাধিক টাকার ক্ষতি করেছিল। এ ঘটনায় তাহিরপুর সদর ইউনিয়নে সামাজিক বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
ভাটি জামালগড় গ্রামের কৃষক শাহাবুল জানায়, ঘটনার দিন রাতে রহস্যজনক অবস্থায় আল-আমিনকে উল্লেখিত করলা বাগানের কাছে ঘুরাফেরা করতে দেখা যায়।
অভিযুক্ত আল আমিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
তাহিরপুর থানা এ এস আই রেজাউর রহমান বলেন, ‘এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হবে।’