- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

পূর্ব নতুনপাড়ায় জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শহরের পাশের জাওয়ার হাওরে থৈ থৈ করছে পানি। পৌরসভার পানি নিস্কাশনের ড্রেনের চেয়েও হাওরের পানির উচ্চতা বেড়ে গেছে। এ কারণে শহরের পূর্ব নতুনপাড়া ও বাঁধনপাড়ার একাংশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ড্রেনের উপর দিয়ে চলাচল সড়ক হওয়ায় ড্রেনের পানি উপচে উঠে যাতায়াত ভোগান্তিতেও পড়েছেন এসব এলাকার মানুষ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে বর্ষায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বাসিন্দারা মনে করেন ড্রেন উঁচু করলে দুর্ভোগ থেকে রক্ষা পাবেন তারা।
স্থানীয়রা জানান, গেল কয়েক বছর হয় বর্ষার শুরুতেই শহরতলির জাওয়ার হাওরের পানি বৃদ্ধি পেলে পৌরসভার নির্মিত ড্রেনের পানি উপচে উঠে চলাচল সড়কে ও বাসা-বাড়িতে প্রবেশ করে। ড্রেন উঁচু করে নির্মাণ হলে এভাবে ডুববে না।
পূর্ব নতুনপাড়ার বাসিন্দা রজত সরকার ও স্বপন সরকার বলেন, প্রতিবছর বর্ষায় যাতায়াত সড়ক ডুবে যায়। আমরা ভোগান্তিতে পড়তে হয়।
সুভাষ দাশ বলেন, পৌরসভার নির্মিত ড্রেনের উপর দিয়ে চলাচল সড়ক। হাওরে পানি বাড়লে এই ড্রেন ডুবে যায়। যাতায়াত ভোগান্তিতে পড়তে হয় সকলকে।
জয় কুমার দাশ বলেন, ড্রেনের উচ্চতা কম হওয়ায় প্রতিবছর জলাবদ্ধতার শিকার হই আমরা।
অ্যাড. গৌরাঙ্গপদ দাশ বলেন, পূর্ব নতুনপাড়ায় যমুনা আবাসিক এলাকার প্রায় ৮০ টি বাসা-বাড়ির মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছেন। এই এলাকার মানুষের চলাচলের একমাত্র পথ পৌরসভার নির্মিত ড্রেনের উপর দিয়ে। এখন হাওরের পানি বাড়লেই ড্রেন ডুবে চলাচল বিড়ম্বনায় পড়েন মানুষ। এই ড্রেন আরও অন্তত দুই আড়াই ফুট উঁচু করে নির্মাণ করা হলেই এই সমস্যার সমাধান হবে।
পৌরসভার মেয়র নাদের বখ্ত বললেন, পূর্ব নতুনপাড়ার কিছু এলাকায় ড্রেনের পানি নিস্কাশন হচ্ছে না খবর পেয়ে ড্রেন পরিস্কার করানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় ছিলাম আমি। ওখানে যেটি দেখলাম, হাওরের পানি বেড়ে ড্রেনের সমান হয়ে গেছে। এ কারণে পানি নিস্কাশন হচ্ছে না। এই ড্রেন শহরের একটি গুরত্বপূর্ণ বড় ড্রেন, খামার খালে এসে এই ড্রেনে মিলেছে। এটি উঁচু করতে হলে বিশেষ পরিকল্পনা নিতে হবে।

  • [১]