স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিক খান নির্বাচন থেকে সরে দাড়ানোর পর এই ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসাবে অন্য দুই জনের নাম প্রস্তাব করেছে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের কাছে পৃথকভাবে দুই প্রার্থীর নাম প্রস্তাব করেন উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম গ্রুপ এনামুল হককে দলীয় মনোনয়ন প্রদানের জন্য জেলা আওয়ামী লীগের কাছে তার নাম প্রস্তাব করেছেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান গ্রুপ চেয়ারম্যান পদে দলীয় নেতা ফয়জুল করিমকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের জন্য জেলা আওয়ামী লীগের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে নিজ নিজ প্রার্থীর নাম প্রস্তাব করেন।