বিশেষ প্রতিনিধি
৬ ডিসেম্বর ১৯৭১ সাল। এদিন শত্রুমুক্ত হয় সুনামগঞ্জ শহর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মানুষ নেমে আসে রাস্তায়। মুক্তির আনন্দে হাজারো মানুষের ‘জয় বাংলা’ স্লোগানে যখন শহর সুনামগঞ্জ মুখরিত ঠিক তখন জেলা শহর থেকে ৫৪ কিলোমিটার দূরের পেরুয়া গ্রাম জ্বলছিল দাউ দাউ করে। গ্রামের পাশের নদীতে লাশের সারি। রক্তে লাল নদীর জল। স্বজনহারাদের আর্তনাদে ভারি হয়ে ওঠে বাতাস।
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে সেদিন গণহত্যা চালায় পাকিস্তানীদের এ দেশীয় দোসরেরা। হত্যা ও নির্যাতনের শিকার হন গ্রামের নারী-পুরুষ। জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি।
দিন-তারিখটা বেশ মনে আছে গীতা রায়ের (৬৭), অগ্রহায়ণ মাসের ১৭তারিখ শনিবার। চাইলেই সেই বিভীষিকাময় দিনটির কথা ভুলতে পারবেন না তিনি। তাঁর স্বামী স্কুল শিক্ষক উপেন্দ্র চন্দ্র রায়কে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছিল রাজাকারেরা। অস্ত্রেরমুখে অবুঝ তিন শিশু সন্তানকে নিয়ে সেদিন কাঁদতেও পারেননি তিনি।
এলাকার সুপরিচিত ভদ্র-বিনয়ী ‘উপেন মাস্টার’ শুধু নয়, একই সঙ্গে হত্যা করা হয়েছিলে আরও ২৫জনকে। বিভিন্ন গ্রাম থেকে ধরে এনে এলাকার মরা সুরমা নদীর তীরে সারি বেধে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় তাদের। এরপর লাশ ভাসিয়ে দেওয়া হয় নদীর জলে।
পেরুয়া গ্রামের কৃষিশ্রমিক ব্রজেন্দ্র দাসকেও (৭২) সেদিন নদীতীরে হাত বেঁধে দাঁড় করানো হয়েছিল। গুলিও করা হয় তাঁকে লক্ষ্য করে। কিন্তু ভাগ্যক্রমে নদীর জলে পড়ে বেঁচে যান তিনি। পেরুয়া গ্রামের সম্ভ্রান্ত ব্যবসায়ী রামকুমারের ভাতিজা সুসেন চন্দ্র রায় চৌধুরী (৭০) জানান, ৫ ডিসেম্বর রাতে সবাই ঘুমিয়েছেন। ভোরের দিকে প্রচন্ড গুলির শব্দে তাঁদের ঘুম ভাঙে। এরপর বাড়ির নারী-শিশুদের নিয়ে সুসেনরা দুই কিলোমিটার দূরের এলংজুড়ি গ্রামের পাশে গাছগাছালি ঘেরা এক জায়গায় গিয়ে আশ্রয় নেন। গ্রামের অন্যরাও সেখানে যান। এক সময় সেখানে হাজির হয় রাজাকারের দল। পুরুষদের ধরে নিয়ে আসা হয় শ্যামারচর রামচন্দ্র উচ্চবিদ্যায়র মাঠে। মাঠ থেকে এক পর্যায়ে সবাইকে নদীর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
সেদিনের গণহত্যায় ‘শ্যামারচর রামচন্দ্র উচ্চবিদ্যালয়’র প্রতিষ্ঠাতা রামকুমার রায়, তাঁর ছোট ভাই পল্লি চিকিৎসক রামানন্দ রায়, ছেলে চিত্তরঞ্জন রায়, ভাতিজা সমর চন্দ্র রায়, ঝন্টু চন্দ্র রায়সহ ২৬জন প্রাণ হারান। রামকুমার রায়ের স্ত্রী কনক লতা রায়ের মুখে গুলি লেগেছিল। এক সময় মুখে পচন ধরে। অসহ্য যন্ত্রণা নিয়ে ছয়মাস পর মারা যান তিনি ।
স্বাধীনতার ৪৩ বছর পর পেরুয়া গ্রামের এই গণহত্যার বিষয়ে মুখ খুলেন স্বজনহারা লোকজন। চলতি বছর তাঁরা এই গণহত্যা ও নির্যাতনের বিষয়ে আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দেন। এরপর দুই দফা ট্রাইব্যুনালের প্রতিনিধিদল এলাকায় এসে তদন্ত করে গেছে।