শহীদনূর আহমেদ
পৌরসভায় থেকেও বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছেন ৩ নং ওয়ার্ডের আপ্তাবনগর এলাকার পাঠানবাড়ির ৮০ টি পরিবার। অত্যাধুনিক যুগে বসবাস করলেও পাঠানবাড়ির লোকদের জীবনযাপন এখনও মান্ধাতার আমলের পরিবেশেই । পাঠানবাড়ী ১৯৯৩ সালে পৌরসভার আওতাভুক্ত হলেও দীর্ঘ ২৩ বছরেও তাদের ভেেগ্য জুটেনি বিদ্যুৎ সংযোগ। কর্তৃপক্ষও বিদ্যুতায়িত করতে নেননি তেমন কোন উদ্যোগ। ফলে চরমভাবে ক্ষুব্ধ এলাকাবাসী।
বিদ্যুৎ সংযোগ পেতে এলাকাবাসী আবেদন করার কথা জানালেও পিডিপি নির্বাহী প্রকৌশলী মো.কামরুজ্জামান জানালেন অন্য কথা । পৌরসভায় কোন মহল্লা বিদ্যুৎ সংযোগের বাইরে রয়েছে এমন তথ্যই নাকি তার জানা নেই। তবে এও বললেন, এরকম থাকলে এলাকাবাসী আবেদন করলে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে সক্রিয়ভাবে।
বৃহ¯পতিবার সরেজমিনে গিয়ে যানা যায়, পৌরসভার আওতাভুক্ত হওয়ার পর থেকে বিদ্যুৎ সংযোগের জন্যে দফায় দফায় উদ্যোগ নিলেও এর কোন সুফল পাওয়া যায়নি। বিদ্যুৎ না থাকার কারণে এলাকাটি রাতের বেলা গভীর অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। অধিবাসীরা সাবেকি হারিক্যান আর কুপিবাতি দিয়ে সারেন আলো জ্বালানোর কাজ। বিদ্যুৎ না থাকায় টিভি দেখা হয় না করাও। মোবাইল সেট চার্জ করতে যেতে হয় অন্য জায়গায়।
পাঠানবাড়ী এলাকার আব্দুল ওয়াহাব বলেন, পৌরসভাত থাইক্কা আমরা কারেন্ট পাই না। ছেলে মেয়েরা লেমের বাতি দিয়ে পড়াশুনা করে। রাতে গরমের লাগি ঘুমানি যায় না। শহরে থাইক্কাও মনে অয় গাউত আছি।
আব্দুস সত্তার নামের ৮০ বছরের এক বৃদ্ধ বলেন, ইকবাল সাবের আমল থাইক্কা কারেন্টের লাগি চেষ্টা কররাম। কিন্তু কোয়াই, কোন ফল ফাইরাম না। শহরের বাকি জাগাত কারেন্ট আছে, কিন্তু আমরা ইকানও কারেন্ট নাই।
পাঠানবাড়ী এলাকার ফারুক আহমদ বলেন, আমরা ডিজিটাল যুগে বাস করছি। বিদ্যুৎ না থাকায় মহল্লার ছেলে মেয়েরা শিক্ষায় ও তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে আছে। রাস্তায় আলো না থাকায় চলাচলে অনেক সমস্যা হচ্ছে।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলার ফজর নূর বলেন, অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘদিন আমরা পৌরসভার ভিতরে আছি। অথচ পৌর সভায় থেকেও বিদ্যুৎতের আলো পাচ্ছে না পাঠান বাড়ী এলাকার মানুষ। আধুনিক যুগে বাস করে পৌরএলাকায় বিদ্যুৎ নেই তা ভাবাই যায় না। কর্তৃপক্ষের কাছে দাবী, এলাকার মানুষের কথা চিন্তা করে যেন অচিরেই পাঠান বাড়ী এলাকাটিকে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়।
সুনামগঞ্জ পিডিপির নির্বাহী প্রকৌশলী মো.কামরুজ্জামান বলেন, পৌরসভার ভিতরে কোন মহল্লায় বিদ্যুৎ সংযোগের বাইরে আছে বলে আমার জানা নেই। অফিসিয়াল অনেক কাজের কারণে তথ্যগুলো সঠিক ভাবে নেয়া যায় না। বিদ্যুৎ না থাকলে আবেদন করতে হয়। কিন্তু এ ব্যাপারে কেউ তো কোন আবেদন করেননি। তবে জনপ্রতিনিধির মাধ্যমে আবেদন করলে এলাকাটিকে ৬ মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে।