স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারের ২য় মৃত্যুবার্ষিকী আগামীকাল ১০ই এপ্রিল সোমবার। ২০২১ সালের ১০ই এপ্রিল তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পারিবারিক ঘরোয়া পরিবেশে তাঁর মৃত্যুবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ১০ই এপ্রিল ঢাকায় তাঁর সেগুন বাগিচার এপার্টমেন্ট এবং সুনামগঞ্জের হাছননগরের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাগফিলের আয়োজন করা হয়েছে।
হাসান শাহরিয়ার সুনামগঞ্জ থেকেই তাঁর সাংবাদিকতা জীবনের শুরু করেন। তিনি সুনামগঞ্জে তৎকালীন দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও কচিকাঁচা মেলার সফল সংগঠক ছিলেন। তিনি ১৯৬৪ সালে করাচিতে চলে যান এবং সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। সেই সাথে করাচী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন।
তিনি করাচির প্রখ্যাত দৈনিক ‘ডন’ পত্রিকার সিনিয়র রিপোর্টার ছিলেন। তিনি মধ্যপ্রাচ্যের ‘খালিজ টাইমস’, ভারতের ‘ডেকান হেরাল্ড’ পত্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউজ উইক’ এর প্রতিনিধি ছিলেন। তিনি ঢাকার দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি করাচী প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ বৈদেশিক সাংবাদিক সংস্থা ‘ওকাব’ এবং ঢাকা জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি কমনওয়েলথ প্রেস ইউনিয়ন ‘সি.জে.এ’ কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ফেলোশীপ প্রদান করে। তিনি ‘অতীত অতীত নয়’, ‘শেষ ভাল যার সব ভাল তার’, ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’ এবং ‘নিউজ উইক এ বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বিজয় এবং অতঃপর’ বই লিখেছেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় সাংবাদিকতায় দক্ষ ও পারদর্শী ছিলেন। মহান জাতীয় সংসদে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ প্রেস কাউন্সিল তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগারের আজীবন সদস্য ছিলেন।
হাসান শাহরিয়ার প্রখ্যাত পথিকৃত সাংবাদিক ও রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরীর অনুজ।