- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচলিত শিক্ষা ব্যবস্থা দেশপ্রেমিক ও সৃজনশীল নাগরিক তৈরিতে ব্যর্থ হচ্ছে

মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান শিক্ষার্থীর হার কমে যাচ্ছে বলে গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রধান প্রতিবেদন ছাপা হয়েছে। গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে বিজ্ঞান শিক্ষার্থীর তুলনামূলক তথ্য দিয়ে বুঝানো হয়েছে যে ওইসব বিদ্যালয়ে বিজ্ঞানে পড়াশোনায় আগ্রহী শিক্ষার্থী নেহায়েৎই অপ্রতুল। অন্যদিকে শহরের ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিজ্ঞান শিক্ষার্থীদের সংখ্যা সন্তোষজনক রয়েছে বলেই প্রতিবেদনে পরিবেশিত তথ্য হতে দেখা যায়। গ্রামীণ এলাকার বিদ্যালয় বা শহরের অপেক্ষাকৃত দুর্বল বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার্থীর পরিমাণ কেন কম তা আমরা জানি। উপযুক্ত শিক্ষকের অভাব, শিক্ষার্থীদের মেধাগত দুর্বলতা, অভিভাবকদের আর্থিক অস্বচ্ছলতা এমনসব কারণে ওইসব বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের চাইতে অন্য বিভাগে পড়তেই বেশি আগ্রহ থাকে শিক্ষার্থীদের। আমাদের আর্থ-সামাজিক বাস্তবতায় এমনটাই স্বাভাবিক। অন্যদিকে বর্তমানে যে সংখ্যক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছে সেটিকে আমরা নিতান্তই অপ্রতুল মনে করি না। বিজ্ঞানের এই শিক্ষার্থীরা যদি উপযুক্ত শিক্ষা গ্রহণ করে বিভিন্ন শাখায় বিচরণ করে তাহলেই চলবে। বিজ্ঞান বিভাগে সকলকে পড়তে হবে এমন একটি তথাকথিত মনোভাব মোটেই শিক্ষাবান্ধব হতে পারে না বলেই আমরা মনে করি। গ্রাম-শহরে অথবা ধনী-গরিবের মধ্যে শিক্ষার যে বৈষম্য সেটি নিরসন হওয়াই জরুরি বলে আমরা মনে করি। রাষ্ট্র যদি সকল নাগরিকের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারত তাহলে গ্রাম ও শহরের বিদ্যালয়গুলোতে বিজ্ঞান শিক্ষার্থীদের সংখ্যাগত ভারসাম্য বজায় থাকত। কিন্তু এমনটি আপাতত হওয়ার কোন আলামত দৃশ্যমান নয়। প্রতিনিয়ত শিক্ষাকে আমরা যেরকম উচ্চমূল্যের পণ্যে পরিণত করে চলেছি তাতে সামনে এমন দিন আসবে গরিব ঘরের সন্তানরা এসএসসি পরীক্ষার দুয়ার অবধিই পৌঁছাতে পারবে না। শিক্ষাবিদদের এই বৈষম্য কমানোর দিকে নজর দিয়ে সারা দেশে সকল নাগরিকের জন্য একটি বৈষম্যমুক্ত একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার বিষয়ে বরং বেশি চিন্তা করা উচিৎ।
কেন শুধুই বিজ্ঞান পড়তে হবে? মানবিক বা বাণিজ্য নয় কেন? এটি ভুল ধারণা যে, কলা বা বাণিজ্যের চাইতে বিজ্ঞান শিক্ষা বেশি কঠিন। শিক্ষার বিভিন্ন শাখা-প্রশাখাকে এমনভাবে চিত্রায়িত করা একটি ভুল পদ্ধতি। মানুষ শিক্ষা গ্রহণ করে নিজেকে বিকশিত করার জন্য। মানসিক বিকাশের সাথে ব্যক্তির দক্ষতা অর্জন ঘটানোই শিক্ষা দানের মূল উদ্দেশ্য। মানবিক বা বাণিজ্য বিভাগে কি এই উদ্দেশ্য সাধন সম্ভব নয়? সমাজে চিকিৎসক-প্রকৌশলীর পাশাপাশি ব্যবস্থাপক, বিপণনকারী, চিন্তক, দার্শনিক, রাজনীতিক, প্রশাসক বা কর্মী সকল ক্ষেত্রেই প্রচুর দক্ষ লোকবলের প্রয়োজন। শিক্ষার্থী যদি অধীত ক্ষেত্রে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখতে পারে তাহলে সে জীবনে প্রতিষ্ঠা লাভ করবেই। বরং সমাজের অন্তর্গত চাহিদার কারণে মানবিক বিভাগে সুশিক্ষিত ব্যক্তিদের প্রাধান্য পাওয়া উচিৎ কেননা সমাজ বিনির্মাণে এই শিক্ষায় শিক্ষিতদের ভূমিকা রাখার সুযোগ সবচাইতে বেশি।
আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীকে সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্পষ্টতই ব্যর্থ হচ্ছে। ডিগ্রি লাভের পর জনগণের করের টাকায় শিক্ষাপ্রাপ্ত নাগরিকরা নিজের পরিপার্শ্ব ও দেশ নিয়ে চিন্তা না করে ব্যক্তিকেন্দ্রীকতার বৃত্তে আবদ্ধ হয়ে পড়ে। জনগণের করের টাকায় নিজের ভাগ্যানেষ¦ণে নিয়োজিত একদল তথাকথিত শিক্ষার্থী তৈরির কী কারণ থাকতে পারে করদাতা জনগণ যদি এমন প্রশ্ন তুলেন তাহলে সেটি কি খুব বেশি অবান্তর হবে? সুৃতরাং বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী কমে যাওয়া নিয়ে নয় বরং শিক্ষার মানগত উন্নয়ন ও মানবিক উৎকর্ষতা ঘটানোর জন্য আসুন সকলে মিলে দেশপ্রেমিক শিক্ষিত জনগোষ্ঠী গঠনে নিয়োজিত হই। তখন বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা যেমন বাড়বে তেমনি গ্রামীণ ও গরিব মেধারও  বিকাশ ঘটবে।

  • [১]