- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচারণায় ৮ প্রার্থী

পুলক রাজ
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা পাড়া মহল্লা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন। জনগণের দাবি পূরণ করার আশ্বাস দিচ্ছেন। অনেক প্রার্থী আবার ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। কেউ একা, কেউ পরিবারের লোকজন আবার কেউ দল বেঁধে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। ভোটারদের বাড়ি যাওয়র পথে সামনে কাউকে পেলেই তার হাতে ধরিয়ে দিচ্ছেন লিফলেট। প্রার্থীর সঙ্গে থাকা অন্যরা তাদের প্রার্থীকে ভোট দেয়ার অনুরোধ করছেন। এক একটি বাড়িতে অনেক প্রার্থী একাধিক বার যাচ্ছেন বলে জানান ভোটাররা।
সুনামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য কাউন্সিলর রয়েছেন ৮ জন। এরা বলেন বর্তমান কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ, মো. আব্দুস সাত্তার, সাকেরিন আহমদ চৌধুরী সাকু, মঈন উদ্দিন আহমেদ রিপন, মুজাহিদুল ইসলাম মজনু, রাজ কুমার বর্মন, শাহরিয়ার আহমেদ রিগ্যান, সৈয়দ মাসুম আলী মাকিম।
সুনামগঞ্জ পৌরসভার কাজির পয়েন্ট, ষোলঘর, ওয়াবদা, বুবির পয়েন্ট, বিলপার, বিহারি পয়েন্ট, হাসপাতাল রোড, এসপি বাংলা এলাকা নিয়ে ২নম্বর ওয়ার্ড। ওয়ার্ডে ভোটার রয়েছেন প্রায় ৩ হাজার ৩শত’।
বর্তমান কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর ১২০ জনকে বয়স্ক ভাতা, ৯০ জনকে বিধবা ভাতা, ৩০ জনকে প্রতিবন্ধী ভাতা, ৬০০ পরিবারকে শিশু ভাতা, ১২০ পরিবারকে কৃষি কার্ড, ইউজিপি থেকে ৬২ টি সেনেটারী ল্যাট্রিন প্রদান করেছি।
তিনি বলেন, ২০১১ সালে প্রথম নির্বাচিত হবার পর হাছননগর এসপি বাংলা পৌরকানন সড়ক প্রশস্তকরণ, সুরমা ক্লিনিকের পাশে সড়ক, ষোলঘর বাজার গলি হতে সুরমা নদী পর্যন্ত সড়ক, বিলপার কলোনী হতে কলেজ রোড পর্যন্ত সড়ক, বিহারী পয়েন্ট হতে সিভিল সার্জন অফিস পর্যন্ত ড্রেনের সাইড রেলিং, সুরমা ক্লিনিকের পাশে ড্রেন, বিয়াম ল্যাবেরেটরী স্কুলের পাশের ড্রেন, ফায়ার সার্ভিসের পাশে ড্রেন, ষোলঘর বাজার গলিতে ড্রেন, ওয়াবদা হতে অক্ষয় স্যারের বাসা পর্যন্ত ড্রেন, বিলপাড় কলোনী সম্মুখ হতে কাজী সাহেবের বাড়ী পর্যন্ত ড্রেন, বিলপাড় মকবুল হোসেন স্যারের গলিতে ড্রেন, এসপি বাংলার পাশের গলিতে ড্রেনেজ ব্যবস্থা করা হয়। আমার ওয়ার্ডে প্রতিটি পয়েন্টে ময়লার ডাস্টবিন রাখা আছে, যাতে ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
২য় বার নির্বাচিত হয়ে কাজির পয়েন্ট মসজিদ গলির সড়ক, ওয়াবদা হতে বিলপাড় পর্যন্ত ড্রেনসহ সড়ক, বিলপাড় মসজিদ গলিতে সড়ক, বিলপাড় লিলু ভাই ও এডভোকেট শামিম ভাইর গলিতে সড়ক ও ড্রেন, বিলপাড় অক্ষয় স্যারের বাসা মুখী সড়ক, হাছননগর সরকারি কলেজ সড়ক, হাছননগর সহিফা ছমরুলসড়ক, বিহারী পয়েন্ট হতে ময়নার পয়েন্ট পর্যন্ত সড়ক, হাছননগরে সুধানাগার- ২ তৈরী করি।
তিনি বলেন, অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি মহোদয়ের সড়ক টেন্ডার ড্রপিং, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু সড়ক ট্রেন্ডার ড্রপিং, ভূমি অফিসের সামনের সড়ক ট্রেন্ডার ড্রপিং, বিলপার সরকারি কলেজের পছিনে নতুন সড়কের টেন্ডার ড্রপিং, ময়নার পয়েন্ট মসজিদ গলির ড্রেন সহ সড়ক নির্মাণ কাজ চলছে। বিলপাড় ২য় গলির সড়ক প্রসেসিং, ওয়াবদা শাহ্ আলীর বাসা মুখী সড়ক প্রসেসিং করেছি। এছাড়াও বিহারী পয়েন্ট নতুন পৌর বাগান, সদর হাসপাতালের সম্মুখে পৌর বাগান, প্রতিটি এলাকাতে ডিপ টিউবওয়েল, ওয়ার্ডের প্রতিটি ড্রেন পুনরায় পরিস্কারের প্রস্তাব করেছি।
সাকেরিন আহমদ চৌধুরী সাকু বলেন, আমি নির্বাচিত হলে ২নম্বর ওয়ার্ডের প্রতিটি মহল্লার সড়ক মেরামত, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা সহ ওয়ার্ডে বিভিন্ন সমস্যার সমাধান করতে সব সময় কাজ করব। এজন্য সকলের দোয়া ও সহযোগীতা চাই।
মো. আব্দুস সাত্তার বলেন, আমি কাউন্সিলর নির্বাচনে জয়ী হলে ওয়ার্ডবাসীর সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো। নারী নির্যাতন রুখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি কঠোর পদক্ষেপ নেব। ভোটারদের অধিকার ও চাওয়া পূরণ করবো। বিশুদ্ধ পানি, জলাবদ্ধতা দূর করবো। ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে লড়বো। সম্পূর্ণ ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা আছে আমার।
শাহরিয়ার আহমদ রিগ্যান বলেন, পরিচ্ছন্ন, জলাবদ্ধতা মুক্ত ও আলোকিত ওয়ার্ড গঠনের লক্ষে কাজ করে যেতে চাই। ইভটিজিং ও মাদক মুক্ত ওয়ার্ড গঠন করতে চাই। এজন্য সকলের দোয়া, আশির্বাদ, সমর্থন ও সার্বিক সহযোগীতা কামনা করি।

  • [১]