ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এ জন্য তিনি নির্বাচনী এলাকায় ‘প্রচার বোর্ডের’ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। বড় বড় বিলবোর্ড টানিয়ে দুই উপজেলাবাসীকে জানাচ্ছেন আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে আগমনের কথা। কিন্তু তার এ প্রচারে ক্ষুব্ধ শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও পশ্চিম পাগলা ইউনিয়ের সাধারণ লোকজনও।
শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের বিশাল প্রচার বোর্ড টানানো। প্রায় ৮ থেকে ১০টি বাঁশ ও কাঠ ব্যবহার করে শক্ত করে স্থায়ীভাবে বসানো হয়েছে প্রচার বোর্ডটি। বিশাল এই প্রচার বোর্ডে বলতে গেলে একেবারে ঢেকে গেছে স্কুলটির প্রধান ফটক। দেখতেও প্রচ- অসুন্দর দেখায়। এ বিষয়ে স্থানীয় লোকজন ও প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরও ক্ষোভ প্রকাশ করেছেন।
একাদশ শ্রেণির শিক্ষার্থীর সাইমা রহমান বলেন, স্কুলের সামনে এতো বড় বিলবোর্ড কেনো? মনে হচ্ছে স্কুলটিকে ঢেকে রেখেছে বোর্ডটি। বিশ্রী দেখাচ্ছে। বোর্ডটি দ্রুত সরিয়ে নেওয়ার আহবান করছি।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম বলেন, এভাবে বোর্ডটি লাগানোই উচিৎ হয়নি। দৃষ্টিকটু লাগছে। বোর্ডটি সরানোর জন্য অনুরোধ করছি।
এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন শান্তিগঞ্জ শাখার সভাপতি ও অভিভাবক ডা. শাকিল মুরাদ আফজল বলেন, স্কুলের সামনে এতো বড় বিজ্ঞাপণ বোর্ড টানানো উচিত হয় নি। বিলবোর্ড বা প্রচার বোর্ড টানানো একজন মানুষের সাধারণ অধিকার। তাই বলে স্কুলের সামনে। তাও আবার এতো বড় বোর্ড। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু। কর্তৃপক্ষকে বলবো, দ্রুত বোর্ডটি সরিয়ে নেওয়া হয়।
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন বলেন, প্রচার বোর্ডটি আমার নজরে পড়েছে। কে বা কারা টানিয়েছে এসব জানিনা। কাকে জিজ্ঞেস করে এতো বড় বোর্ড স্কুলের সামনে টানানো হলো? দ্রুত বোর্ডটি সরানোর জন্য বলেছি।
এ বিষয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমি জানি না এভাবে বোর্ড লাগানো হয়েছে। এটা দুঃখজনক। যাদেরকে বোর্ড লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিলো তারা হয়তো না বুঝে লাগিয়ে দিয়েছে। আমি এটা দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।