স্টাফ রিপোর্টার
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদেরকে খাটো করে দেখার সুযোগ নেই। সমাজের অন্য আরো পাঁচ শিশুর মত তাদের পাশে থেকে সহযোগিতা করলে তারা একদিন জাতির ভবিষ্যৎ হয়ে উঠবে। দেশ ও জাতি গঠনে এই শিশুরা আগামী দিনে বিশেষ ভূমিকা রাখবে।’
বৃহস্পতিবার সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী স্কুলের সার্বিক কল্যাণের স্বার্থে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এই কাজে সমাজের সকল বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেকটার (এনডিসি) সুহেল রানা, জেলা সমাজসেবা
অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তোফাজ্জল হোসেন চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসক তানজিল হকসহ প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দের অভিবাবক ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব সুবিমল চক্রবর্তী চন্দন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানান অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে গান ও ছন্দের তালে তালে গান পরিবশেন ও শারীরিক ব্যয়াম প্রদর্শন করে অটিস্টিক শিশুরা। উদ্বোধনী অনুষ্ঠানে সুষ্মিতা দে অভিভাবক প্রতিনিধি হিসেবে কথা বলেন। পরে স্কুলের সার্বিক কার্যক্রমের উপর বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক মিজানুল হক সরকার।
উল্লেখ্য, সরকারি মহিলা কলেজ রোডে পুরাতন জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ৩৭ জন শিক্ষার্থী নিয়ে চালু হয়েছে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল।