স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয় উন্নয়নের নামে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
সোমবার এ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ১৪ জন শিক্ষক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগে প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল ড্রেস প্রদানের কথা বলে বার হাজার ৫শত টাকা আদায়, সকল শিক্ষাথীদের নিকট হতে ডাক্তারী পরীক্ষা বাবত ১০ হাজার টাকা আদায়, সরকারি কম্বল বিতরণের তালিকায় সকল শিক্ষার্থীর নাম থাকিলেও নামমাত্র কয়েকজনের মধ্যে কম্বল বিতরণ, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন কর্তৃক কম্বল বিতরণে অনিয়ম, উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের নিবন্ধনের নিমিত্তে প্রত্যেক শিক্ষিকার নিকট থেকে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের দাবি লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও বর্তমানে বিদ্যালয়ের সকল শিক্ষিকারা কোন প্রকার বেতন ভাতা পাচ্ছেন না। নিবন্ধনের নামে সকল শিক্ষিকারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে অশুভ অশালীন কথাবার্তা বলে অপমান করে মর্মে লিখিত অভিযোগে উল্লেখ করেন তারা।
উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিক্তা বেগম বলেন, তাকে সভাপতি আবুলনূর ও সাধারণ সম্পাদক অরবিন্দ দাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করতে নিষেধ করেছেন। তারা বলেন, শিক্ষা অফিসের যে কোন বিষয়ে তারা দেখবেন।
তিনি আরো বলেন, গত ৯ মাস ধরে তারা বিনা বেতনে চাকুরী করে আসছেন। এখন তারা নিবন্ধনের কথা বলে আরো জনপ্রতি ৫০ হাজার টাকা করে দাবি করেন। এ কারণে তারা উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি আরো বলেন, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন ছাত্রছাত্রীদের করোনা সমাগ্রী দিলে সভাপতি সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসারকে দিতে হবে বলে তারা বন্টন কার্যক্রম বন্ধ রাখেন।
এ বিষয়ে উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল নূর ও সাধারণ সম্পাদক অরবিন্দ দাসের মোবাইলে বারবার ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৪ জন শিক্ষকের একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট অভিযুক্তদের বিপক্ষে আসলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে মামলা দায়ের করা হবে।