স্টাফ রিপোর্টার
শহরে আট ভাগে বিভক্ত হয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পৃথক আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এবারই প্রথম শহরে ছাত্রলীগের পৃথক কর্মসূচিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের আমন্ত্রণ জানিয়ে অতিথি করতে দেখা গেছে। কাউকে কাউকে একাধিক অনুষ্ঠানে অতিথি হতে দেখা গেছে।
জানা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু ও সাবেক সভাপতি তনুজ কান্তি দে।
শহরে ময়নার পয়েন্ট এলাকায় জেলা ছাত্রলীগের সমাজ সম্পাদক হাবিব আল হাসান তপু ও সহ-সম্পাদক নাজমুল হক কিরণের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ অ্যাড. নূরে আলম ছিদ্দিকী উজ্জ্বল।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফ উল আলমের নেতৃত্বে সুনামগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু ও সাবেক সভাপতি অ্যাড. আখতারুজ্জামান সেলিম ।
এদিকে জেলা ছাত্রলীগ নেতা জিসান এনায়েত রেজার উদ্যোগে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী।