- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রত্যেককে করের আওতায় আনা উচিত: অর্থমন্ত্রী

সু.খবর ডেস্ক
যাদের আয় নেই তাদের ছাড়া দেশের প্রত্যেক নাগরিককে করের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার রাজধানীর অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে এনবিআর আয়োজিত পে-রোল ট্যাক্স ও করজাল সম্প্রসারণ বিষয়ক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘যাদের কোনো আয় নেই তারা ছাড়া দেশের প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলকভাবে ন্যূনতম করের আওতায় আনা উচিত। এর পরিমাণ ১০/২০/৩০ বা ৫০ টাকা হতে পারে। পরিমাণ যাই হোক না কেন।’
তিনি বলেন, ‘ষোল কোটি মানুষের দেশে মাত্র ১২ লাখ মানুষ আয়কর দেয়। উন্নত দেশে মোট আয়করের ৩০ শতাংশ আসে বেতন-ভাতা থেকে। অথচ বাংলাদেশে এটা মাত্র ৪ শতাংশ।’
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘সরকারি কর্মচারীদের কাছ থেকে এখন সরকার কর কেটে রাখছে। বেসরকারি খাতও সচেতন হয়ে বেতন থেকে কর কেটে রাখলে অবস্থার উন্নতি হবে। দেশে কর কালচার তৈরি করার জন্যই এটা দরকার।’
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ।

  • [১]