স্টাফ রিপোর্টার
চলতি বছর সুনামগঞ্জ জেলায় সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৫৪জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৯৬জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডেও অধীনে দাখিল পরীক্ষায় ৫৪জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ২২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ২৩ হাজার ২শত ৬৪ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত বছরের থেকে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ হাজার ৪শত’ ৮৬ জন। গত বছর ২৪ হাজার ৭শত’ ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রে ১৯ হাজার ৫শত’ ৫০জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ হাজার ১শত’ ২২জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৫৯২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষা শুরুর পর থেকে সুনামগঞ্জ সদর উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান সহ কর্মকর্তারা। জানা যায়, দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। তা ছাড়া অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় ও শিক্ষক, অভিভাবক অথবা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হবে। এবার এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে হয়েছে বলে জানিয়েছেন। সুন্দরভাবে পরীক্ষা নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই আদেশ আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিন থেকে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য, আগের রুটিন অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকার ২ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দুদিন পেছানোয় ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধ ও এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।